ওঙ্কার ডেস্ক: বসন্তেই গরম অনুভূত হচ্ছে দক্ষিণবঙ্গে। ভোর-রাতে হালকা ঠান্ডার অনুভূতি, তারপর বেলা বাড়লেই বাড়ছে গরম। রাজ্যের বিভিন্ন জেলায় ইতিমধ্যেই গরমে নাজেহাল মানুষ।
হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, মার্চ মাসের শুরু থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা বাড়তে শুরু করবে। অর্থাৎ দোলের দিনেও গরম আবহাওয়া বজায় থাকবে দক্ষিণবঙ্গে। তবে আপাতত কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আলিপুরের আবহাওয়া বিশেষজ্ঞরা।
কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে প্রায় ৩০ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৫৩ শতাংশের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। ফলে গরমের সঙ্গে বাড়বে অস্বস্তিও।
উত্তরবঙ্গে আগামী কয়েকদিনে তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। প্রায় একই রকম থাকবে দিন ও রাতের তাপমাত্রা। উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পঙের উঁচু পার্বত্য অঞ্চলে হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে হাওয়া অফিস ।
