ওঙ্কার ডেস্ক: রাজ্যেজুড়ে বৃষ্টির পূর্বাভাস। বৃহষ্পতিবার রাতের দিকে বৃষ্টির বেগ কিছুটা কমলেও কলকাতার আকাশ থেকে দুর্যোগের মেঘ পুরোপুরি কেটে যায়নি। শুক্রবার সকালের দিকে ঝলমলে রোদ থাকলেও, আবহাওয়া দফতরের ইঙ্গিত বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই ফের মেঘ জমবে আকাশে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। শুক্রবারও কলকাতায় রয়েছে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কলকাতা ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের আবহাওয়ায় আগামী কয়েক দিন বড় কোনও রদবদল হওয়ার সম্ভাবনা নেই।
দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির ছবিও প্রায় একই রকম। হাওয়া অফিসের পূর্বাভাস, শুক্রবার মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রামে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকবে। সেই সঙ্গে বজ্রপাত ও মাঝারি বৃষ্টির দাপট দেখা যেতে পারে। অন্য দিকে, মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরের কিছু কিছু এলাকায় ঝড়ের দাপট আরও বেশি থাকবে। সেখানে আবহাওয়া দফতরের পক্ষ থেকে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সাথে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গের পাহাড় ও ডুয়ার্সের জেলাগুলোতে গত এক সপ্তাহ ধরে চলা লাগাতার বৃষ্টির প্রভাব আজ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে বলেই খবর হাওয়া অফিসের। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
পাশাপাশি, কলকাতাসহ সংলগ্ন জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ থাকবে। বিকেল বা সন্ধ্যার দিকে একাধিক এলাকায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা কিছুটা কমলেও বাতাসে আর্দ্রতার কারণে অস্বস্তি বজায় থাকতে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, ২৭ থেকে ২৯ জুন উত্তরবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে। শুক্রবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াস।