ওঙ্কার ডেস্ক: চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ক্রমশ নিম্নমুখী হলেও আবারও সামান্য বাড়বে তাপমাত্রা বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে মোটের উপর শীতের আমেজ বজায় থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায়।
দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে তার পাশাপাশি সকালের দিকে কুয়াশার কারণে কমবে দৃশ্যমানতা। দক্ষিণবঙ্গের কলকাতা সহ হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝারগ্রাম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়া সহ প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। রাজ্যের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা আপাতত স্বাভাবিকের নিচেই রয়েছে এবং আগামী সাত দিনে তাপমাত্রা সামান্য কমলেও তাপমাত্রার তেমন কোনও বড় পরিবর্তন হবে না বলে জানাচ্ছেন আলিপুরের আবহাওয়া বিশেষজ্ঞরা।
উত্তুরে হওয়ার প্রভাবে শীতের আমেজ বজায় থাকবে রাজ্যজুড়ে। পশ্চিমের জেলাগুলিতে আগামী কয়েক দিনে সর্বনিম্ন তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রির মধ্যে থাকবে। কলকাতার তাপমাত্রা থাকবে ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
অন্যদিকে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার সহ উত্তরের পার্বত্য জেলাগুলিতে কুয়াশার প্রভাব বেশি থাকবে। দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও আপাতত শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। পার্বত্য জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
