ওঙ্কার ডেস্কঃ বসন্তে বর্ষাতি! শুনতে অবাক লাগলেও বর্তমানে এটাই বাস্তব। কারণ, এবছরের ঋতুচক্র থেকে বিদায় নিয়েছে শীত। লোটা-কম্বল গুটিয়ে রওনা দিয়েছেন তিনি। লেগেছে বসন্তের ছোঁয়া। কিন্তু ঐ যে সুখ বড় ঠুনকো। বৃষ্টির সইল না সেই আরাম। তাই ঝড় আর মেঘকে সঙ্গী করে কাজে নেমে পড়েছেন তিনিও। আবহাওয়ার মতিগতি দেখে সত্যিই বোঝার উপায় নেই এখন ঠিক কোন ঋতু চলছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস সত্যি প্রমাণ করে দিল বৃষ্টি। ইতিমধ্যেই বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে পশ্চিমবঙ্গের একাধিক জেলায়। প্রথমে ১১ তারিখ অবধি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও বৃহস্পতিবার সন্ধেতে ভিজেছে তিলোত্তমা। সঙ্গে বয়েছে ঝোড়ো হাওয়া। যার ফলে রাতের তাপমাত্রা বেশ মনোরমই ছিল।
কিন্তু কতদিন এমন অবস্থার শিকার হবে রাজ্যবাসী ? হাওয়া অফিস জানাচ্ছে, এখনই নিস্তার নেই বৃষ্টির হাত থেকে। আকাশ থাকবে মেঘলা। ঝোড়ো হাওয়া বইবার সঙ্গে সঙ্গে কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। তবে শুক্রবার দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনাই বেশি। জানা যাচ্ছে বৃষ্টির পিছনে রয়েছে ঘূর্ণাবর্ত। যার ফলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঢুকছে জলীয় বাষ্প। তার জেরেই মেঘলা আকাশ। সঙ্গে বৃষ্টির আশঙ্কা প্রবল হচ্ছে। আজ এবং আগামি তিনদিন বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। রবিবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১৭ থেকে ১৮ মার্চ পর্যন্ত থাকতে পারে বলে আশঙ্কা করছে হাওয়া অফিস।
বেশি বৃষ্টিতে ভিজতে পারে উত্তর বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া। এই সব জেলায় বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে কলকাতাতেও বৃষ্টিপাত হতে পারে।
দক্ষিণে বৃষ্টি হওয়ার ফলে সর্বোচ্চ তাপমাত্রার পারদ বেশির দিকে যাবে না। স্বাভাবিকের আশপাশেই থাকবে। এছাড়া সর্বনিম্ন তাপমাত্রাও খুব একটা নীচের দিকে যাওয়ার সম্ভাবনা নেই।
অপরদিকে তাপমাত্রা কিছুটা কম রয়েছে উত্তরবঙ্গে। দার্জিলিং, কালিম্পং -এ এখনও ভালই রয়েছে ঠান্ডা। আর আবহাওয়া অফিস জানিয়েছে যে আগামি কিছুদিন তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। রবিবার থেকে পাহাড় থেকে শুরু করে উত্তরবঙ্গের প্রায় সব জেলাই ভিজতে পারে। বিশেষত, উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়িতে বেশি বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টির কারণে সকালের তাপমাত্রা খুব বেশি বাড়বে না।
