ওঙ্কার ডেস্ক: অনেক বছর পর দক্ষিণবঙ্গে এমন শীত দেখে খুশি শীতপ্রেমীরা। অন্যদিকে হাওয়া অফিস জানাচ্ছে, ঠান্ডার দাপট আপাতত কমার কোনও সম্ভাবনাই নেই। শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে এই আবহাওয়াই বজায় থাকবে ।
বৃহস্পতিবার পর্যন্ত তাপমাত্রা মোটের উপর একই থাকবে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বলে জানাচ্ছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩- ৫ ডিগ্রি সেলসিয়াস কম থাকবে। তবে শুক্রবার থেকে তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে।
আপাতত দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির কোন সম্ভাবনা নেই, শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় অধিক কুয়াশার জেরে সতর্কতা জারি করা হয়েছে।
উত্তরবঙ্গের ৮ জেলায় ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার একাধিক জায়গায় শীতল দিনের পরিস্থিতি তৈরি হতে পারে। অন্যদিকে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় রয়েছে তুষারপাতের সম্ভাবনা।
