ওঙ্কার ডেস্ক: দক্ষিণবঙ্গে বৃষ্টির দেখা নেই। অসহ্য গরমে নাজেহাল দক্ষিণবঙ্গবাসী। এরই মধ্যে বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানাল হাওয়া অফিস। তবে ঝড়-বৃষ্টি হলেও খুব একটা কমবে না তাপমাত্রা। অন্যদিকে উত্তরবঙ্গে রয়েছে প্রাক বর্ষার বৃষ্টির পূর্বাভাস।
বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, নদীয়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। এরপর শুক্রবার ঝড়-বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে।
বুধবার সকাল থেকেই ভ্যাপসা গরম। কলকাতার তাপমাত্রা ৩৫ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। বজ্রগর্ভ মেঘ থেকে স্থানীয়ভাবে হালকা ঝড়-বৃষ্টি হতে পারে। তবে শুক্রবার ও রবিবার ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকাগুলিতে।
অন্যদিকে উত্তরবঙ্গ ভিজতে চলেছে প্রাক বর্ষার বৃষ্টিতে। মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে উত্তরের জেলাগুলিতে। যার ফলে ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমতে পারে সপ্তাহান্তে।