ওঙ্কার ডেস্ক: গত কয়েক দিন টানা বৃষ্টির পর এবার বদলাচ্ছে রাজ্যের আবহাওয়া। দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমতে শুরু করেছে। অন্যদিকে উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে হাওয়া অফিসের তরফে।
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই বললেই চলে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদীয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া ও বাঁকুড়া জেলার কিছু অংশে।
বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে একাধিক এলাকায়। তবে বৃষ্টির পরিমাণ কম হওয়ায় এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে গরমের অস্বস্তি বজায় থাকবে। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩০ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।
হাওয়া অফিস সূত্রে খবর, বৃহস্পতিবার উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টি পরিস্থিতি বজায় থাকবে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়া দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।