ওঙ্কার ডেস্ক: সম্প্রতি ফেসবুক কর্তৃপক্ষ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ভিডিও সরিয়ে দিয়েছিল সমাজ মাধ্যম অ্যাকাউন্ট থেকে। যার পর থেকে শোরগোল পড়ে গিয়েছিল। যদিও মার্ক জুকারবার্গের সংস্থা গোটা ঘটনার জন্য ক্ষমা চেয়েছিল। কিন্তু তাতেও বিতর্ক থামেনি। এই আবহে মেটার তরফে কেন্দ্রীয় সরকারকে চিঠি লিখে জানানো হল, ভারতের প্রধানমন্ত্রীর সমাজ মাধ্যম অ্যাকাউন্টের সুরক্ষায় বিশেষ নজর দেওয়া হবে।
সূত্রের খবর, শুধু প্রধানমন্ত্রী মোদী নয়, আরও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের অ্যাকাউন্ট দেখভালের ক্ষেত্রে যত্নবান হবে মেটা। এ কথা সরকারকে জানিয়েও দেওয়া হয়েছে। মেটার উচ্চপদস্থ আধিকারিকেরাই এই ধরণের বিষয় খতিয়ে দেখবেন। কোনও পোস্ট বিবেচনার জন্য কয়েক দফা খতিয়ে দেখা হবে। চলতি সপ্তাহের শেষে মেটা-র প্রতিনিধিদল কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের সঙ্গে দেখা করতে চলেছে বলে সূত্রের দাবি। সেই বৈঠকে গোটা বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে।
উল্ললেখ্য, নিট ইউজি প্রশ্নফাঁসের বিরুদ্ধে এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ছাত্রবিক্ষোভে উত্তাল হয়েছে রাজধানী দিল্লি-সহ গোটা দেশ। সেই আবহে গত বৃহস্পতিবার রাতে সমাজ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন মোদী। তিনি জানান, প্রশ্নফাঁস রুখতে কঠোর আইন আনতে চলেছে সরকার। কিন্তু প্রধানমন্ত্রীর সেই ভিডিওবার্তা কিছু সময়ের জন্য ফেসবুক থেকে উধাও হয়ে গিয়েছিল। ভিডিও বার্তার ক্যাপশনটি অবিকল থাকলেও লেখা ছিল, ‘আইনি অনুরোধের কারণে এই পোস্টটি ভারতে পাওয়া যাচ্ছে না।’ যার পর মেটার সঙ্গে সংঘাত তৈরি হয় সরকারের। ফেসবুকের নিয়ন্ত্রক সংস্থা বিবৃতি দিয়ে যান্ত্রিক গোলযোগের কথা বলা হলেও তাতে বিতর্ক থামেনি।