ওঙ্কার ডেস্ক: ২১শে জুলাই অর্থাৎ মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়ার সম্ভাবনার কথা আগেই জানিয়েছিল হাওয়া অফিস।এদিন দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে বৃষ্টির দাপট কিছুটা কমলেও বেশকয়েকটি জেলায় এখনও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
মঙ্গলবার দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়া জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা এবং নদিয়া জেলায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এদিন কলকাতার আকাশ সকাল থেকেই মেঘলা। কোথাও বিক্ষিপ্ত আবার কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ থেকে ২৭ ডিগ্রি সিলসিয়াসের আশেপাশে থাকবে।
উত্তরবঙ্গের পার্বত্য এলাকাগুলিতে মঙ্গলবার থেকে বৃষ্টি কমার সম্ভাবনার কথা জানিয়েছেন আলিপুরের আবহাওয়া বিশেষজ্ঞরা। এদিন উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে জলপাইগুড়ি জেলায় বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে।