ওঙ্কার ডেস্ক: রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্ত বৃষ্টিপাত লেগেই রয়েছে বেশ কয়েকদিন ধরে। যার ফলে তাপমাত্রাও কিছুটা নেমেছে। আপাতত বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে বলে পূর্বাভাস হাওয়া অফিসের তরফে। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে বলেও পূর্বাভাস রয়েছে।
বুধবার বৃষ্টি হতে পারে নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায়। পাশাপাশি ৪০ থেকে ৬০ কিমি বেগে বইতে পারে ঝড়ো হাওয়া।
আলিপুরের আবহাওয়া বিশেষজ্ঞরা জানাচ্ছেন, জোড়া ঘূর্ণাবর্তের কারণে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বঙ্গে তার জেরেই ঝড়-বৃষ্টি হচ্ছে। সমুদ্র অশান্ত থাকার জন্য মৎস্যজীবীদেরও সতর্ক করে দেওয়া হয়েছে।
অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বুধবার উত্তরের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলার কিছু অংশে। লাগাতার ঝড়-বৃষ্টির কারণে উত্তরের জেলাগুলিতে তাপমাত্রার আপাতত বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই বলেই পূর্বাভাস রয়েছে।