ওঙ্কার ডেস্ক: আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী চলতি সপ্তাহের বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে। আলিপুরের আবহাওয়া দফতরের বিশেষজ্ঞরা জানিয়েছেন বুধবার থেকে দুর্যোগ বাড়ার পূর্বাভাস রয়েছে। ফলে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জারি হয়েছে কমলা সতর্কতা।
বুধবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টির পাশাপাশি বইবে পারে দমকা ঝোড়ো হাওয়া। দক্ষিণবঙ্গের কলকাতা সহ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পশ্চিমের জেলাগুলিতে অধিক দুর্যোগের সতর্কতা জারি করা হয়েছে।
হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, ১৩ এপ্রিল পর্যন্ত রাজ্যের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝড়-বৃষ্টির কারণে আগামী ২দিনে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩ থেকে ৫ ডিগ্রী পর্যন্ত কমার পূর্বাভাস রয়েছে।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার সহ প্রায় সব জেলাতেই বুধবার ঝড়-বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি বইবে ঝড়ো হাওয়া। বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির দাপট বাড়বে বলেও পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।