ওঙ্কার ডেস্ক: আজ শনিবার, ২৫ বৈশাখ। রবি ঠাকুরের জন্মদিন। যিনি আমাদের সংস্কৃতির আরাধ্য দেবতা। তাই ২৫ বৈশাখ বাঙালীর মনে কাজ করে অন্য এক আবেগ। তবে এবছর আরও একটা গুরুত্বপূর্ণ দিন। সংস্কৃতির পাশাপাশি আজ রাজনৈতিক ভাবেও বেশ উল্লেখযোগ্য এক দিন, এরাজ্যে প্রথম বিজেপির সরকার গঠনের দিন।
বিজেপির শপথ গ্রহণের দিন ভগবান সহায়। আর তেমনটাই ইঙ্গিত দিচ্ছেন আবহাওয়াবিদরা। সকালে আকাশ পরিষ্কার এবং পরে আংশিক মেঘলা আকাশ থাকবে। তবে সন্ধ্যাবেলা মুখ ভার করতে পারে আকাশ। তবে দুপুর থেকে রাতের মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির আশঙ্কা রয়েছে! দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। কলকাতায় ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝোড়ো বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিতে ঝড়ের সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও ঝড়ের সতর্কতা রয়েছে।
উত্তরবঙ্গেও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তার প্রভাব অবশ্য কম থাকবে। উত্তরবঙ্গে ঝড়বৃষ্টি চলবে শনিবার পর্যন্ত।
অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের প্রভাবেই রাজ্যে ঝড়বৃষ্টি চলবে। যদিও আগামী সপ্তাহে বাড়বে তাপমাত্রা, রোদের তেজ বাড়বে, গরম ও আর্দ্রতা জনিত অস্বস্তিতেও ভুগবে বাংলা।