ওঙ্কার ডেস্ক: আজ রথযাত্রা। আর রথযাত্রায় দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির সম্ভাবনার কথা আগেই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। জানা যাচ্ছে, বঙ্গোপসাগরে একটি নিম্নচাপের সৃষ্টি হয়েছে। যার জন্য আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শুক্রবার দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান জেলার কিছু অংশে। এছাড়াও দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির পাশাপাশি ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে। শুক্রবারেরপর শনিবারেও একই রকম আবহাওয়া বজায় থাকবে দক্ষিণবঙ্গ জুড়ে, শনিবার কলকাতার সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছেন আলিপুরের আবহাওয়া বিশেষজ্ঞরা।
রথযাত্রার দিন উত্তরবঙ্গের কোথাও ভারী বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই। এদিন উত্তরের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
