ওঙ্কার ডেস্ক: ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই খেল দেখাচ্ছে আবহাওয়া। মাসের শুরু থেকে তাপমাত্রা বাড়লে মনে করা হয়েছিল এবারের মত রাজ্য থেকে বিদায় নিতে চলেছে শীত। ঠিক তারপরেই হঠাৎ তাপমাত্রা খানিকটা নেমে গিয়ে আবারও শীতের আমেজ ফিরল দক্ষিণবঙ্গে। তবে হাওয়া অফিস জানাচ্ছে এবার শীত আর বেশি দিনের অতিথি নয় রাজ্যে। আগামী কয়েকদিনে কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা বেশ কিছুটা বাড়ার পূর্বাভাস দিল হাওয়া অফিস।
আলিপুরের আবহাওয়া বিশেষজ্ঞরা জানাচ্ছেন, চলতি সপ্তাহের শনিবারের মধ্যে দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সকালের দিকে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা কুয়াশা থাকতে পারে।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বাড়বে তাপমাত্রা। আগামী ৩ দিনে সর্বনিম্ন তাপমাত্রা ৩ ডিগ্রি পর্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে।
