ওঙ্কার ডেস্ক : আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, এখনো বিপদের মেঘ সম্পূর্ণ কাটেনি উত্তরবঙ্গের আকাশ থেকে। যদিও আজ কোজাগরী পূর্ণিমার সকাল থেকে আর বৃষ্টি হয়নি দার্জিলিং শহরে। শিলিগুড়ি-সহ উত্তরের সমতলে আজ সকালের দিকে বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হলেও তার পর থেকে তা ধরেছে। তবে আকাশ এখনও মেঘলা। হালকা রোদও উঠেছে বেশ কিছু জায়গায়। ফলে সকালে কাঞ্চনজঙ্ঘার হালকা ঝলক উপভোগ করতে পেরেছেন ওখানে আটকে পড়া পর্যটকেরা।
এদিকে দক্ষিণবঙ্গে আজ সারাদিন মেঘলা আকাশ থাকবে। কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সকালের দিকে তাপমাত্রা ২৫.২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে, বেলা বাড়ার সাথে সাথে তা আরও বৃদ্ধি পাবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২.৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে দক্ষিণবঙ্গে।
