ওঙ্কার ডেস্ক: রবিবারের সন্ধ্যা জমে উঠেছিল টি-২০ বিশ্বকাপ ভারত বনাম পাকিস্তান ম্যাচে। আর এই টানটান ম্যাচে কার্যত বলে বলে আউট হয়েছে পাকিস্তান। সেঞ্চুরি করলো ঠিকই, কিন্ত সেটাও ১১জন খেলোয়াড়ের সহায়তায়।
এবার পাকিস্তানের মত হাল হতে চলেছে শীতের। দীর্ঘ প্রায় ২-৩ মাস ছুটি কাটিয়ে আবহাওয়ার ময়দানে নেমে পড়েছে ফ্যান।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এবারের মতো বিদায়ের পথে হাঁটতে শুরু করেছে শীত। তবে এখনও কলকাতা তথা দক্ষিণবঙ্গে ভোরের দিকে হাল্কা ঠান্ডা অনুভূত হচ্ছে। জেলায় জেলায় রয়েছে কুয়াশার দাপটও। ভোরের দিকে হালকা ঠান্ডা অনুভূত হলেও বেলা গড়াতে না গড়াতেই উবে যাচ্ছে তা। সঙ্গে বাড়ছে রোদের তেজ।
আবহাওয়া অফিসের তথ্য বলছে, পূর্ব নিরক্ষীয় ভারত মহাসাগর এবং সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ তৈরি হচ্ছে। তবে নিম্নচাপের জেরে বাংলায় বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই।
চলতি সপ্তাহের শেষে শীতের শেষ রেশটুকুও অনেকটাই মিলিয়ে যাবে। কলকাতায় বর্তমানে সর্বনিম্ন তাপমাত্রা ১৬ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা রয়েছে। তবে তা এই সপ্তাহেই বেড়ে ১৯ ডিগ্রির কাছাকাছি পৌঁছতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রার পারদ চড়তে পারে ৩০ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসে। ফলে দুপুরের পর থেকেই গরমের আমেজ স্পষ্ট হবে কলকাতায়। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও প্রায় একই চিত্র। সর্বোচ্চ তাপমাত্রা ২৯ থেকে ৩২ ডিগ্রির মধ্যে থাকতে পারে এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৩ থেকে ১৭ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করবে। ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রির আশেপাশে। ১৭ থেকে ২১ ফেব্রুয়ারির মধ্যে এই তাপমাত্রা পৌঁছে যেতে পারে ৩১ ডিগ্রিতে। অর্থাৎ ফেব্রুয়ারিতেই সূর্যের তাপে তপ্ত হবে এই ধরণী।
