ওঙ্কার ডেস্ক: আজ শুক্রবার। আজকের দিনের আকাশ মূলত স্বচ্ছ থাকবে। দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও আগামীকাল অর্থাৎ শনিবার থেকে বদলাবে আবহাওয়া। আগামীকাল দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বৃষ্টি হতে পারে। রবিবার পশ্চিম মেদিনীপুর ও উত্তর ২৪ পরগনার কিছু এলাকাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী সপ্তাহের শুরুতে দক্ষিণবঙ্গের আরও কয়েকটি জেলায় বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হতে পারে ।আজ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৪ এবং ২৫ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে ।
পাশাপাশি হাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরে একটি সুস্পষ্ট নিম্নচাপ তৈরি হয়েছে। এটি সপ্তাহের শেষের দিকে আরও ঘনীভূত হতে পারে। পাশাপাশি আন্দামান সাগরেও আরেকটি নিম্নচাপের তৈরি হয়েছে। এই দুটি নিম্নচাপের প্রভাবে পূর্ব ভারতের আবহাওয়ায় পরিবর্তন আসার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। এই নিম্নচাপের প্রভাবে রাজ্যের বেশ কিছু জেলায় আগামী কয়েক দিনে কমবেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টি না হলেও উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ছিটেফোঁটা বৃষ্টি চলবে বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা।
উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং ও কালিম্পং—এই দুই জেলার পাশাপাশি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর ও মালদা জেলাতেও সপ্তাহের শেষ পর্যন্ত হালকা বৃষ্টি হতে পারে। আগামী সপ্তাহের শুরু থেকে উত্তরবঙ্গের আরও কিছু জেলায় নতুন করে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
