ওঙ্কার ডেস্ক: বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে ঘর গোছাতে শুরু করেছে সমস্ত রাজনৈতিক দল। ইতিমধ্যে গত মাসে দমদমে সভা করে বিধানসভা নির্বাচনের প্রচারের সুর বেঁধে দিয়েছেন মোদী। ‘বাঁচতে চাই, বিজেপি তাই’ স্লোগানও তিনি ঠিক করে দিয়েছেন সভামঞ্চ থেকে। তবে বিধানসভা নির্বাচনের আর এক বছর বাকি থাকলেও ২৯৪টি আসনে বিজেপি কেমন ফল করবে তা এখনও অনুমান করা সম্ভব নয়। কারণ রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, রাজনীতিতে সময় অনেক কিছু ঠিক করে দেয়। ফলে বিধানসভা নির্বাচনের এক বছর এখনও বাকি, তাই এই সময়ের মধ্যে অনেক কিছু বদল হতে পারে।
তবে বিজেপি সূত্রের খবর, বিধানসভা নির্বাচনে রাজ্যে ১৪১টি আসনকে বিশেষ গুরুত্ব দিচ্ছে পদ্ম শিবির। এই ১৪১টি আসনের কোনও কোনও আসনে ২০১৯ সালের লোকসভা, ২০২১ সালের বিধানসভা এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচনে এগিয়ে ছিল বিজেপি। পদ্ম শিবির তাই মনে করছে, এই আসনগুলিতে বিশেষ ভাবে নজর দিলে জয় হাসিল করা সম্ভব হবে। এই আসনগুলির তালিকায় যেমন উত্তরবঙ্গের বিধানসভা কেন্দ্র রয়েছে তেমনই দক্ষিণবঙ্গের বিধানসভা কেন্দ্রও রয়েছে।
তবে বিজেপির একটি সূত্র বলছে, ২০২১ সালের বিধানসভা নির্বাচন বা ২০২৪ সালের লোকসভা নির্বাচনে সংখ্যা গরিষ্ঠতা না অর্জন করা গেলেও হিন্দু ভোট এককাট্টা করতে পারলে ভোটবাক্সে লাভের মুখ দেখা যাবে। সেই সঙ্গে প্রতিষ্ঠানবিরোধী ভোট নিজেদের ঝুলিতে ভরতে পারলে বহু আসনেও জয়ের সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিভিন্ন সময়ে হিন্দু ভোট এককাট্টা করার উদ্দেশ্যে মন্তব্য করেছেন। যদিও শমীক ভট্টাচার্য বিজেপির নতুন রাজ্য সভাপতি হওয়ার পর সবাইকে নিয়ে চলার বার্তা দিয়েছেন। হিন্দু মুসলিম নির্বিশেষে সকলের ভোট যে প্রয়োজন ক্ষমতা দখল করতে গেলে, সেই বিষয়ে তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন।
