ওঙ্কার ডেস্ক: মালদার গাজোলে মাদক কারবারের বিরুদ্ধে অভিযানে বড় সাফল্য পেল পুলিশ। মাদক বিক্রির বিপুল পরিমাণ টাকা নিয়ে যাওয়ার সময় দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৪০ লক্ষ ৬৯ হাজার ৭০০ টাকা নগদ এবং প্রায় ৫০০ গ্রাম ব্রাউন সুগার। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তরবঙ্গে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত দুই যুবকের নাম সিদ্ধার্থ মণ্ডল এবং কিশোর মণ্ডল। তাঁদের বাড়ি মালদা জেলার কালিয়াচক ও বৈষ্ণবনগর থানা এলাকায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বিহারে মাদক বিক্রির পর পাওয়া বিপুল পরিমাণ টাকা নিয়ে তাঁরা মালদার দিকে ফিরছিলেন। সেই সময়ই গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তাঁদের আটক করে।
ঘটনার সূত্রপাত হয় পুলিশের কাছে আসা একটি গোপন খবরের ভিত্তিতে। জানা যায়, বিহার থেকে দুই ব্যক্তি মোটরবাইকে করে বিপুল পরিমাণ নগদ টাকা নিয়ে মালদার দিকে আসছেন। খবর পাওয়ার পর গাজোল থানার পুলিশ সক্রিয় হয়ে ওঠে। থানার আধিকারিকদের নেতৃত্বে একটি বিশেষ দল তৈরি করা হয় এবং ১২ নম্বর জাতীয় সড়কের রাঙাভিটা এলাকায় নজরদারি শুরু হয়। পুলিশের একটি দল সাদা পোশাকে ওই এলাকায় অপেক্ষা করছিল। কিছুক্ষণ পর সন্দেহভাজন মোটরবাইকটি ওই রাস্তা দিয়ে আসতেই সেটিকে আটকানো হয়। এরপর চালক ও তাঁর সঙ্গীর কাছে থাকা ব্যাগে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় ব্যাগের ভিতর থেকে একাধিক টাকার বান্ডিল উদ্ধার হয়। গুনে দেখা যায়, মোট টাকার পরিমাণ ৪০ লক্ষ ৬৯ হাজার ৭০০ টাকা। শুধু নগদ টাকাই নয়, ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় ৫০০ গ্রাম ব্রাউন সুগার। এরপরই তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। উদ্ধার হওয়া মাদক এবং টাকার উৎস নিয়ে তদন্ত শুরু হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, এই বিপুল পরিমাণ টাকা মাদক পাচার চক্রের সঙ্গে যুক্ত।
তদন্তকারীরা জানতে চেষ্টা করছেন, ওই টাকা কোথা থেকে এসেছিল এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল। ধৃতরা কার কাছ থেকে মাদক সংগ্রহ করতেন, এই চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে এবং এর পিছনে কোনও বড় নেটওয়ার্ক কাজ করছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, ধৃতরা বিহারের পূর্ণিয়া হয়ে ডালখোলা দিয়ে মালদার দিকে আসছিলেন। তাঁদের গন্তব্য ছিল কালিয়াচকের শাহাবাজপুর এলাকা। তবে তার আগেই গাজোলের রাঙাভিটায় পুলিশ তাঁদের গতিরোধ করে। গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয় বলে পুলিশ জানিয়েছে।