ওঙ্কার ডেস্ক: রাজ্যে স্বেচ্ছায় রক্তদানের পরিধি আরও বাড়াতে এবং বিশেষ করে নতুন প্রজন্মকে এই মানবিক উদ্যোগের সঙ্গে যুক্ত করতে বড় পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তর। তরুণ প্রজন্ম, বিশেষত জেন-জি-কে রক্তদানে উৎসাহিত করতে ডিজিটাল প্রচারাভিযান শুরু করার পাশাপাশি চালু করা হয়েছে একটি বিশেষ টোল-ফ্রি হেল্পলাইন নম্বর। স্বাস্থ্য ভবনের আশা, আধুনিক প্রযুক্তি ও ডিজিটাল মাধ্যমকে কাজে লাগিয়ে স্বেচ্ছায় রক্তদানের বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা গেলে ভবিষ্যতে রাজ্যের রক্তের চাহিদা মেটানো আরও সহজ হবে।
স্বাস্থ্য দপ্তরের মতে, বর্তমানে রক্তদানের ক্ষেত্রে তরুণদের অংশগ্রহণ বাড়ানো অত্যন্ত জরুরি। কারণ নিয়মিত রক্তদাতাদের একটি বড় অংশ বয়সের কারণে ধীরে ধীরে এই কর্মসূচি থেকে সরে যাচ্ছেন। সেই শূন্যস্থান পূরণ করতে হলে নতুন প্রজন্মকে এখন থেকেই রক্তদানের গুরুত্ব বোঝানো এবং তাদের স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করা প্রয়োজন। এই লক্ষ্যেই জেন-জি-কে কেন্দ্র করে নতুন এই প্রচার কর্মসূচির পরিকল্পনা করা হয়েছে। এই ডিজিটাল প্রচারাভিযানের আওতায় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, অনলাইন প্রচারসামগ্রী, ভিডিও বার্তা এবং বিভিন্ন ডিজিটাল কনটেন্টের মাধ্যমে রক্তদানের গুরুত্ব তুলে ধরা হবে। তরুণদের কাছে সহজ ভাষায় জানানো হবে, একজন সুস্থ মানুষের স্বেচ্ছায় রক্তদান একাধিক রোগীর জীবন বাঁচাতে পারে। পাশাপাশি রক্তদান নিয়ে প্রচলিত বিভিন্ন ভুল ধারণা ও অযথা ভয় দূর করার ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হবে।এর পাশাপাশি চালু হওয়া টোল-ফ্রি হেল্পলাইনের মাধ্যমে সাধারণ মানুষ রক্তদান সংক্রান্ত বিভিন্ন তথ্য সহজেই জানতে পারবেন।
রাজ্যের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে প্রতিদিন অস্ত্রোপচার, দুর্ঘটনাগ্রস্ত রোগী, থ্যালাসেমিয়া, ক্যানসার, প্রসূতি-সহ নানা ধরনের চিকিৎসার জন্য বিপুল পরিমাণ রক্তের প্রয়োজন হয়। সেই চাহিদা পূরণে স্বেচ্ছায় রক্তদাতাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সারা বছর পর্যাপ্ত রক্তের জোগান নিশ্চিত করতে নিয়মিত রক্তদাতার সংখ্যা বাড়ানোর ওপর বিশেষ জোর দিচ্ছে স্বাস্থ্য দপ্তর।