ওঙ্কার ডেস্কঃ বারুইপুর কাণ্ডে উত্তাল গোটা বাংলা। নাবালিকাকে ধর্ষণ ও খুনের বিক্ষোভে পুড়েছিল বারুইপুরের ধপধপি এলাকা। রাস্তা অবরোধ, ট্রেনলাইন উপড়ে ফেলে ট্রেন চলাচলে ব্যাঘাত-সহ সরকারি সম্পত্তি নষ্ট করার অভিযোগ উঠেছিল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মঙ্গলবার বারুইপুরে গিয়েছিলেন। সেখানেই তিনি জানিয়েছিলেন, যারা অশান্তি করেছে, কাউকে রেয়াত করা হবে না। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর অ্যাকশনে পুলিশ। সরকারি সম্পত্তি নষ্ট করা, পুলিশের উপর হামলায় ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। আজ, বুধবার সকালে ধৃতদের বারুইপুর আদালতে তোলা হয়েছে।
বারুইপুর ধর্ষণ ও খুন কাণ্ডে অভিযুক্ত প্রভাস মণ্ডলের এনকাউন্টারে মৃত্যু হয়েছে। সেই আবহে জানা গিয়েছে, সরকারি সম্পত্তি নষ্ট করা ও পুলিশের উপর হামলায় ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তরা দাবি করছেন, কোনওভাবেই তাঁরা ঘটনার সঙ্গে যুক্ত নয়, পুলিশের উপর হামলা, সরকারি সম্পত্তি নষ্ট তাঁরা করেননি। এদিন তাঁদের আদালতে তোলা হয়েছে।
কোনওরকম উত্তেজনা যাতে আদালত চত্বরে না হয়, সেজন্য বিশাল সংখ্যায় পুলিশও মোতায়েন করা হয়েছে। গতকাল, মুখ্যমন্ত্রী দাবি করেছিলেন, বারুইপুরে সক্রিয় মৌলবাদী ও দেশবিরোধী শক্তি। ভোটে যাঁরা হেরেছেন, তাঁরা উসকানি দিয়ে এই অশান্তি ঘটিয়েছেন। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছিলেন, অশান্তির ঘটনায় ২০০ জনকে চিহ্নিত করা হয়েছে। কাউকে রেয়াত করা হবে না।