ওঙ্কার ডেস্কঃ আসানসোলের ব্যস্ত রাস্তায় যত্রতত্র বাস ও অটো দাঁড় করিয়ে যাত্রী তোলার বিরুদ্ধে কড়া অবস্থান নিলেন অগ্নিমিত্রা পাল। রাস্তায় নেমে নিয়ম অমান্যকারী চালকদের যেমন তিনি কড়া হুঁশিয়ারি দেন তিনি, তেমনই ট্রাফিক পুলিশ ও প্রশাসনকেও আইন রূপায়ণে আরও কঠোর হওয়ার নির্দেশ দেন।
সূত্রের খবর, আসানসোলের একটি ব্যস্ত মোড়ে দাঁড়িয়ে মন্ত্রী বেআইনিভাবে গাড়ি পার্কিং এবং যাত্রী তোলার বিরুদ্ধে সরব হন। চালকদের উদ্দেশে তিনি সাফ জানান, রাস্তার মাঝখানে বা যত্রতত্র গাড়ি দাঁড় করিয়ে যাত্রী তোলা কোনওভাবেই বরদাস্ত করা হবে না। নির্ধারিত বাস কিংবা অটো স্ট্যান্ড থেকেই যাত্রী তুলতে হবে এবং সেখান থেকেই গাড়ি ছাড়তে হবে। নিয়ম ভাঙলে আগামীদিনে কঠোর আইনি পদক্ষেপ, এমনকি গাড়ির চাকা লক করে দেওয়ার মতো কড়া ব্যবস্থার কথা বলেন তিনি।
একইসঙ্গে ঘটনাস্থলে উপস্থিত পুলিশ ও ট্রাফিক আধিকারিকদেরও নিজেদের কর্তব্যে আরও কঠোর হওয়ার নির্দেশ দেন অগ্নিমিত্রা পাল। তিনি বলেন, “প্রশাসনকে এ বিষয়ে আরও কঠোর ভূমিকা নিতে হবে। সাধারণ মানুষের সুবিধার্থে প্রতিদিন এভাবে রাস্তায় নেমে চিৎকার করা সম্ভব নয়।” শহরকে যানজটমুক্ত রাখতে বাজারে একটি সুনির্দিষ্ট অটো স্ট্যান্ড গড়ে তোলার জন্য তিনি প্রশাসনিক স্তরে পরামর্শ দেন।