ওঙ্কার ডেস্কঃ চলতি বছরে রাজ্য বাজেটে ঘোষিত হয়েছিল ‘যুবসাথী’ প্রকল্প। প্রথম দিন থেকেই এই প্রকল্প ব্যাপক সাড়া ফেলেছিল। গত ১৬ তারিখ থেকে শুরু হয়েছিল এই প্রকল্পে নাম নথিভুক্তিকরণ প্রক্রিয়া। বৃহস্পতিবার আবেদনের শেষ দিন। তবে মনে করা হচ্ছে, এই প্রকল্পে আবেদনের মেয়াদ বাড়ানো হতে পারে।
শুধু যুবসাথী নয়, ‘স্বনির্ভর বাংলা’ শিবিরে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য বিপুল আবেদন জমা পড়ছে। আর্থিক সাহায্য প্রকল্পে আবেদন করেছেন ভূমিহীন কৃষকরাও। নবান্ন সূত্রে খবর, বুধবার পর্যন্ত যুবসাথীতে মোট আবেদন জমা পড়েছে ৭৬ লক্ষ ৭৭ হাজার। সবচেয়ে বেশি আবেদন এসেছে দক্ষিণ ২৪ পরগনা থেকে। তার পরেই রয়েছে মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া। নবান্নের কর্তারা জানাচ্ছেন, তরুণ প্রজন্মকে আর্থিক সহায়তার আওতায় আনতেই এই প্রকল্প চালু হয়েছে। আর তাতে আবেদনও জমা পড়েছে চোখে পড়ার মতো।
যুবসাথীর পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডারের জন্যও নতুন করে আবেদন করতে শিবিরে ভিড় করেছেন মহিলারা। এই প্রকল্পে ৫০০ টাকা বৃদ্ধি পাওয়ায় নতুন করে লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম ফিল-আপ করেছেন অনেকেই।
প্রসঙ্গত, রাজ্যের অন্তর্বর্তীকালীন বাজেটে অর্থ রাষ্ট্রমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য যুবসাথী প্রকল্পের ঘোষণা করেন। প্রাথমিকভাবে জানানো হয়েছিল, আগামী ১৫ আগস্ট থেকে এই প্রকল্প চালু হবে। কিন্তু ১০ ফেব্রুয়ারি নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, প্রকল্পটি ১ এপ্রিল থেকেই কার্যকর হবে। সেই মতোই আবেদন নেওয়া শুরু হয়। ব্যাপক সাড়া মেলায় এবার এই প্রকল্পের আবেদনের সময়সীমা বাড়াতে পারে সরকার, এমনটাই জানা যাচ্ছে।
