গোপাল শীল, দক্ষিণ ২৪ পরগনা: ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর প্রভাবে দক্ষিণ ২৪ পরগনার উপকূল ও সুন্দরবন এলাকায় ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার আশঙ্কা। সঙ্গে নিম্নচাপ এবং পূর্ণিমার ভরা কটাল। ফলে নদী ও সমুদ্র উত্তাল হওয়ার পাশাপাশি জলোচ্ছ্বাসের সম্ভাবনাও রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় সতর্ক রয়েছে জেলা প্রশাসন।
প্রশাসন সূত্রে জানা গেছে, ইতিমধ্যেই নামখানা-সহ উপকূলবর্তী বিভিন্ন থানার তরফে মাইকিং শুরু হয়েছে। নদী ও সমুদ্রে থাকা মৎস্যজীবীদের আজ সন্ধ্যার মধ্যেই নিরাপদ স্থানে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। আগামীকাল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
অন্যদিকে, সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় গঙ্গাসাগর, বকখালি ও মৌসুনিতে সিভিল ডিফেন্স কর্মীদের মোতায়েন করা হয়েছে। সুন্দরবনের সব ব্লক প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পরিস্থিতির উপর নজর রাখছে জেলা প্রশাসন। উপকূলবর্তী এলাকায় সতর্কতামূলক প্রচার জোরদার করা হয়েছে।