অরূপ পোদ্দার, শিলিগুড়ি: উৎসবের মরশুমে ট্রেনে করে আগ্নেয়াস্ত্র পাচারের ছক বানচাল করল পুলিশ। এনজেপি স্টেশনে যৌথ অভিযানে গ্রেপ্তার হল বিহারের দুই যুবক। ধৃতদের নাম রোহন কুমার (২০) ও গুড্ডু কুমার (১৯)। দু’জনেরই বাড়ি বিহারের খাগাড়িয়ায়।
পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে এনজেপি স্টেশনে অভিযান চালায় শিলিগুড়ি জিআরপির স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি) ও এনজেপি জিআরপির সাদা পোশাকের পুলিশ। ডাউন বিবেক এক্সপ্রেস স্টেশনের ৬ নম্বর প্ল্যাটফর্মে ঢুকতেই সাধারণ কামরায় তল্লাশি শুরু হয়। সেখানেই সন্দেহের বশে ওই দুই যুবককে আটক করা হয়। তাদের স্কুলব্যাগে তল্লাশি চালাতেই উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র।
জিআরপি সূত্রে খবর, ধৃতরা আলিপুরদুয়ার থেকে ট্রেনে এনজেপিতে এসেছিল। সেখান থেকে বিবেক এক্সপ্রেসে কিষানগঞ্জ হয়ে খাগাড়িয়ায় যাওয়ার পরিকল্পনা ছিল। বিক্রির উদ্দেশ্যেই অস্ত্র নিয়ে যাওয়া হচ্ছিল বলে প্রাথমিক অনুমান।
সোমবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়। এর পিছনে বড় কোনও পাচারচক্র রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন জানিয়েছে জিআরপি।