ওঙ্কার ডেস্ক: তৃণমূল নেতা আশিস বন্দ্যোপাধ্যায়ের দেহ উদ্ধার হয়েছে রবিবার রামপুরহাটের দলীয় কার্যালয় থেকে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, প্রাক্তন তৃণমূল বিধায়ক আত্মহত্যা করেছেন। আশিস বন্দ্যোপাধ্যায়ের দেহের সঙ্গে একটি ‘সুইসাইড নোট’ও পাওয়া গিয়েছে। সেখানে তিনি রাজনীতির প্রতি বিতৃষ্ণার কথা উল্লেখ করেছেন। সেই সঙ্গে নতুন প্রজন্মকে রাজনীতিতে না আসার পরামর্শ দিয়েছেন।
সুইসাইড নোটে লেখা রয়েছে, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।’ রামপুরহাট কেন্দ্রের পাঁচ বারের বিধায়ক ছিলেন আশিস। রাজ্যের মন্ত্রীও হয়েছিলেন তৃণমূল জমানায়। বিধানসভার ডেপুটি স্পিকারেরও দায়িত্ব দেওয়া হয়েছিল তাঁকে। রবিবার সকালে রামপুরহাটের ৫ নম্বর ওয়ার্ডের হাটতলাপাড়ায় পার্টি অফিস থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তৃণমূল নেতার মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। তিনি কোনও দুর্নীতির সঙ্গে জড়িত নন বলে সুইসাইড নোটে দাবি করেছেন।
সুইসাইড নোটে তিনি আরও লিখেছেন, ‘ছাত্রাবস্থা থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত। কোনও দিনই কোনও দুর্নীতির সঙ্গে জড়িত হইনি। ছাত্র সংসদের সাধারণ সম্পাদক হয়েছি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে। সেখানেও কোনও দুর্নীতির সঙ্গে জড়িত হইনি। রাজনৈতিক বাগ্বিতণ্ডা হয়েছে। কখনও শত্রুতার রূপ নেয়নি। সর্বদা সব দলীয় অন্যায়কে মেনে নিতে না পারলেও প্রতিবাদ করতে পারিনি। সারাজীবন এক পয়সা কোনও কাজের বিনিময়ে নিইনি।’