ওঙ্কার ডেস্ক: বীরভূমের একদা দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনকে গ্রেফতার করল পুলিশ। শনিবার তজেকে তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। প্রায় ২২ ঘণ্টা ধরে লাগাতার জেরার পর তাঁকে গ্রেফতার করা হয়। রবিবার বোলপুরের বাইপাস সংলগ্ন ফ্ল্যাট থেকে তাঁকে নিজেদের হেফাজতে নেন তদন্তকারীরা। সায়গলের বাড়ি থেকে নগদ ১৩ লক্ষ টাকা এবং ৭৫০ গ্রামের বেশি সোনা বাজেয়াপ্ত করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবারই তাঁকে বীরভূমের সিউড়ি আদালতে পেশ করানো হবে। গ্রেফতারির সময় সায়গলের ফ্ল্যাট থেকে টাকা, সোনা ছাড়াও ৩০০-র বেশি সম্পত্তির দলিল বাজেয়াপ্ত করা হয়েছে। সূত্রের খবর, পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের অবৈধ সম্পত্তির তদন্ত করতে গয়ে অনুব্রতর প্রাক্তন দেহরক্ষীর নাম উঠে আসে। অভিযোগ, পাথর ও বালি পরিবহনকারী গাড়িতে জাল ডিসিআর ব্যবহার করে রাজ্য সরকারের কোটি কোটি টাকার রাজস্ব আত্মসাৎ করেছেন টুলু মণ্ডল। বীরভূম জেলা পুলিশ এই কারচুপির তদন্তে নেমে প্রথমে টুলুর আত্মীয়ের বাড়িতে হানা দেয়। এর পর তল্লাশি চালানো হয় সায়গল হোসেনের ফ্ল্যাটে।
উল্লেখ্য, তৃণমূল জমানায় সংবাদ শিরোনামে উঠে এসেছিল সায়গল হোসেনের নাম। এর আগে গরু পাচার মামলায় নাম জড়িয়েছিল তাঁর। বেআইনি উপায়ে সম্পত্তি অর্জন ও আর্থিক তছরুপের অভিযোগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই ও ইডি সায়গলকে গ্রেফতার করেছিল। প্রায় আড়াই বছর পর জেলমুক্তি হয় তাঁর। কারাগার থেকে বেরিয়ে বোলপুরের ওই ফ্ল্যাটেই থাকছিলেন সায়গল।