ওঙ্কার ডেস্ক: সবার জন্য একই আইন অর্থাৎ অভিন্ন দেওয়ানি বিধি লাগু করার ক্ষেত্রে আগেই তৎপরতা বাড়িয়েছে রাজ্যের নয়া বিজেপি সরকার। বিধি খতিয়ে দেখতে কমিটিও গড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার সেই কমিটি বৈঠকে বসল দিল্লিতে। ইউসিসির রূপরেখা ঠিক করতে দিল্লির বঙ্গ ভবনে এদিন এই বৈঠক হয়। উপস্থিত রয়েছেন কমিটির প্রধান তথা সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা দেশাই। এ ছাড়া বৈঠকে রয়েছেন স্বরাষ্ট্র দফতরের শীর্ষ আধিকারিক-সহ অন্যান্য আধিকারিকরা।
সূত্রের খবর, এই কমিটির প্রস্তাবকে গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে। এর ভিত্তিতেই পরবর্তীতে অভিন্ন দেওয়ানি বিধি বিল পেশ হবে পশ্চিমবঙ্গ বিধানসভায়। দেশের একাধিক রাজ্যে ইতিমধ্যে ইউসিসি লাগু হয়েছে, বিজেপি শাসিত সেই সমস্ত রাজ্যে কী ভাবে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর হচ্ছে, তা খতিয়ে দেখা হবে। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের সঙ্গেও আলোচনা করবেন রাজ্য সরকারের আধিকারিকরা।
ইউসিসি চালু হলে ফৌজদারি আইনের মতো দেওয়ানি আইনও ধর্ম নির্বিশেষে সমান ভাবে কার্যকর যাবে। শরিয়ৎ আইনের বিলুপ্তি ঘটবে। তবে আদিবাসীদের ক্ষেত্রে এই আইন প্রযোজ্য হবে না। লাগু করার আগে ইউসিসি কমিটির সদস্যরা ৯টি বিষয়ে বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধির সঙ্গে কথা বলে তাঁদের মত নেবেন। বিয়ে, বিবাহবিচ্ছেদ, উত্তরাধিকার, সম্পত্তি বণ্টন-সহ বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হবে। রাজ্যের ইউসিসি কমিটিতে রয়েছেন, আইএএস, রেসিডেন্ট কমিশনার দ্যুষ্মন্ত নারিয়ালা, মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়, অবসরপ্রাপ্ত আইএএস শত্রুঘ্ন সিং, বঙ্গবাসী কলেজের নৃতত্ত্ব বিভাগের প্রাক্তন প্রধান ডঃ রত্না ভটাচার্য, প্রিন্সিপাল সেক্রেটারি সংঘমিত্রা ঘোষ, গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন সহ উপাচার্য গোপালচাঁদ মিশ্র, কলকাতা হাই কোর্টের আইনজীবী ওসমান গনি মল্লিক, বেঙ্গল সম্ভাগের প্রাক্তন এক্সিকিউটিভ ডিরেক্টর নির্মাল্য ভট্টাচার্য।