নিজস্ব সংবাদদাতা : প্রাকৃতিক দুর্যোগ ও ভারসাম্য রক্ষায় গঙ্গা মিশন বরাবর অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এই কর্মসূচিতে ইতিমধ্যেই মাত্র একবছরে তারা ১ লক্ষ ফলনশীল ও চারাগাছ বিতরণ করেছে। তারই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার সকাল ১১টায় ‘গঙ্গা মিশন কলকাতা-সাহেবগঞ্জ’-এর পক্ষ থেকে ঝাড়খণ্ডের মহাদেবগঞ্জের শ্রী রাম চৌকি হাই স্কুলের শিক্ষার্থীদের ফলনশীল গাছ ও চারা বিতরণ করা হয়।
এই অনুষ্ঠানে মহাদেবগঞ্জের ‘জনহিত ক্লাব’-এর সদস্য অনুরাগ রাহুল এবং ক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিশুদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে স্কুলের প্রধান শিক্ষিকা অনিতা কুমারী বলেন, “যেহেতু এটি ঝাড়খণ্ড রাজ্য, তাই এই ভূখণ্ডটি ঘন সবুজ গাছপালায় আচ্ছাদিত থাকা উচিত।” তিনি প্রত্যয়ের সঙ্গে বলেন, “গাছ লাগানো এবং সেগুলোর সুরক্ষা নিশ্চিত করার মাধ্যমেই কেবল এই লক্ষ্য অর্জন করা সম্ভব।”

এই আয়োজনে সুধীর শ্রীবাস্তব পরিবেশ বিষয়ক একটি কবিতা আবৃত্তি করেন। প্রকৃতি সংরক্ষণের বিষয়ে আলোচনা করেন শিক্ষাবিদ মাখনলাল যাদব। অনুরাগ রাহুল বলেছেন, “জল, বন ও ভূমির সুরক্ষা ও সংরক্ষণ আমাদের প্রধান কর্তব্য।” এই অনুষ্ঠানে যোগ দিয়ে ‘মা গঙ্গা সেবা সমিতি’-র সভাপতি প্রমোদ পান্ডে বলেন, “পরিবেশ রক্ষায় ব্যর্থ হলে আমাদের ধ্বংসের ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে।” বস্তুত একের পর এক প্রাকৃতিক বিপর্যয় তারই প্রকৃষ্ট উদাহরণ। তাই নিজেদের অস্তত্বের কারণে এ বিষয়ে আরও সচেতন হওয়া উচিত। প্রাসঙ্গিক ভাবে বর্তমান সময়ে এর বিশেষ গুরুত্ব তুলে ধরেন ডাঃ রাজেশ কুমার সাহ।

এদিন অনুষ্ঠানের অঙ্গ হিসেবে বিদ্যালয় প্রাঙ্গণে একটি নারকেল গাছ রোপণ করা হয়। এই আয়োজনে উপস্থিত ছিলেন ভিন্তি শর্মা, কুমারী রেখা, চন্দা কুমারী, মনোজ কুমার মন্ডল, প্রমোদ কুমার পান্ডে, বিনয় কুমার, সন্তোষ কুমার, অভয়ানন্দ, আনন্দ মোদী, সুনীল মন্ডল, কোমল কুমারী, আমান কুমার, অঙ্কিত কুমার, সুধাংশু রাই, এবং বিভাস কুমার সহ শতাধিক শিশু।