ওঙ্কার ডেস্কঃ আনন্দপুরের অগ্নিকাণ্ডে ৮ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ গোডাউনের একাধিক কর্মী। ঘটনাস্থলে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির নেতাদের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে দলের অন্দরেই। আনন্দপুরে নেই কেউ, অথচ দুর্গাপুরে আসা বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনকে ফুল নিয়ে অভ্যর্থনা জানাতে দেখা গিয়েছে শীর্ষনেতাদের।
মঙ্গল ও বুধবার দু’দিনের রাজ্য সফরে বিজেপি সভাপতি নীতিন নবীন। নীতিনকে অণ্ডাল বিমানবন্দরে পুষ্পস্তবক দিয়ে অভ্যর্থনা জানিয়েছেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরা। দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীরা আনন্দপুরের ঘটনা নিয়ে সংবাদমাধ্যমে বিবৃতি দিলেও কেন কেউ ঘটনাস্থলে এলেন না, সে প্রশ্ন উঠেছে বিজেপির অন্দরেই।
মঙ্গলবার ঘটনাস্থলে গিয়েছিলেন ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দা ও স্থানীয় কিছু বিজেপি কর্মী-সমর্থকরা। তা সত্ব্বেও দলের একাংশের মতে, ভোটের আগে এত বড় একটা ঘটনাকে ধরতেই পারল না বিজেপি। তার উপর জানা গিয়েছে, আনন্দপুরের ঘটনায় মৃত-নিখোঁজদের প্রায় অনেকেই পূর্ব মেদিনীপুরের বাসিন্দা। আর বিরোধী দলনেতার জেলাই পূর্ব মেদিনীপুর। সেক্ষেত্রে কেন তিনি এলেন না! শুধু সভা থেকে জানিয়েছেন, এটা ম্যান মেড ট্রাজেডি।
যে ঘটনাকে নিয়ে প্রতিবাদের সুর চড়ানোর কথা ছিল, ভোটের আগে সেই ঘটনায় বিরোধী দলের গা ছাড়া ভাব নিয়ে দলের অন্দরেই চক্ষুশূল হচ্ছেন নেতারা।
