ওঙ্কার ডেস্কঃ বাংলা ভাষা নিয়ে বড় পদক্ষেপ রাজ্য সরকারের। আগামী ১ সেপ্টেম্বর থেকে রাজ্যের প্রতিটি সরকারি দফতরের কাজকর্মে বাংলা ভাষা ব্যবহার বাধ্যতামূলক। সোমবার বিধানসভায় এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সম্প্রতি রাজ্যে এসে বাংলা ভাষার আরও বিস্তার নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একটি চিঠি লিখেছিলেন মুখ্যমন্ত্রীকে। এদিন বিধানসভায় সেই চিঠি পড়ার পর তাঁর পরামর্শ মেনে সরকারি কাজে বাংলার ব্যবহার বাধ্যতামূলক করা হল বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী।
সূত্রের খবর, সরকারের তরফে প্রস্তুতির জন্য কিছুটা সময় নেওয়া হয়েছে। তারপর ১ সেপ্টেম্বর থেকে দাফতরিক চিঠিপত্র, বিজ্ঞপ্তি এমনকী থানার কাজেও বাংলা চালু হবে।
সোমবার বেলা ১১টায় বিধানসভা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে অমিত শাহের চিঠি পড়ে শোনান মুখ্যমন্ত্রী। চিঠির ছত্রে ছত্রে বাংলা ভাষার সুদীর্ঘ ঐতিহ্যের বর্ণনা। আর তাকে এগিয়ে নিয়ে যেত শাহর পরামর্শ ছিল, সরকারি কাজের ভাষা হিসেবে বাংলাকে অগ্রাধিকার দেওয়া হোক। সেই পরামর্শ মেনেই ১ সেপ্টেম্বর থেকে সমস্ত সরকারি কাজে, দপ্তরগুলিতে বাংলা বাধ্যতামূলক হচ্ছে।
অমিত শাহর আরও প্রস্তাব ছিল, রাজ্যে যেমন সরকারি কাজে বাংলার অগ্রাধিকার, তেমন কেন্দ্র-রাজ্য যোগাযোগের ক্ষেত্রে বিদেশি ভাষা ইংরাজি বাদ দিয়ে হিন্দিভাষা ব্যবহারে জোর দেওয়া হোক। সেই প্রস্তাব মেনে নিয়ে শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, কেন্দ্রকে লেখা সমস্ত চিঠিপত্র আর ইংরাজিতে নয়, লেখা হবে হিন্দিতে। রাজভাষা হিসেবে তার ব্যবহার বৃদ্ধি করতে তৎপর পশ্চিমবঙ্গ সরকার।
এদিন বাংলা ভাষা নিয়ে মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অধিবেশন কক্ষে উপস্থিত সকলে। অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসু বলেন, ‘‘আমি অধ্যক্ষের দায়িত্ব পাওয়ার পর অমিত শাহজিকে জানিয়েছিলাম, বিধানসভা অধিবেশনে আমি পুরো বাংলায় করতে চাই। তিনি আমার মতামত গুরুত্ব দিয়েছেন।