ওঙ্কার ডেস্কঃ মুখ্যমন্ত্রীর ‘স্বচ্ছ কবচ’ ও ‘স্বচ্ছ ভারত অভিযান’। বুধবার একটি পাইলট প্রজেক্ট হিসেবে ‘স্বচ্ছ কবচ’ কর্মসূচির সূচনা করেন মুখ্যমন্ত্রী। রাজ্যে পরিচ্ছন্নতা বজায় রাখার প্রধান কারিগর সাফাই কর্মীদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বিশেষ কর্মসূচির সূচনা হয়। রাজ্যের ৫০,০০০ সাফাই কর্মীর হাতে বিশেষ সুরক্ষা কিট তুলে দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। অনুষ্ঠানমঞ্চে সশরীরে উপস্থিত প্রতিনিধিদের পাশাপাশি রাজ্যের বিভিন্ন পুরসভা ও নগরোন্নয়ন সংস্থার আধিকারিকেরা ভার্চুয়াল মাধ্যমে এই কর্মসূচিতে যুক্ত ছিলেন। পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকার রাজ্যজুড়ে মোট ৭ কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নিয়েছে।
অনুষ্ঠানের শুরুতে অগ্নিমিত্রা পাল ‘স্বচ্ছ কবচ’ কিট বিতরণের উদ্দেশ্য ও সুদূরপ্রসারী লক্ষ্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এরপর বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘স্বচ্ছ ভারত অভিযান’ আজ বিশ্বজুড়ে সমাদৃত। এই ভাবনারই প্রতিফলন হিসেবে আন্তর্জাতিক যোগ দিবসে কলকাতা ও বিধাননগর পুরসভার যৌথ উদ্যোগে ‘স্বচ্ছতাতে স্বাগত’ কর্মসূচির আয়োজন করা হয়েছিল, যার ভূয়সী প্রশংসা খোদ প্রধানমন্ত্রী রেড রোডের ঐতিহাসিক যোগ দিবসের অনুষ্ঠানেও করেছেন।”
সম্প্রতি কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রী মনোহর লাল খাট্টারের উপস্থিতিতে ‘স্বচ্ছ অ্যাপ’-এর উন্মোচন করা হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর মাত্র দেড় মাস সময় পেলেও অগ্নিমিত্রা পাল ও উমেশ রায়ের নেতৃত্বে এই দফতর উন্নয়নমূলক কাজের পাশাপাশি স্বচ্ছতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে।
অন্যদিকে, গত ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসে শুরু হওয়া ‘মায়ের নামে একটি গাছ’ কর্মসূচির কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বড়সড় পরিবেশবান্ধব পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, এই চলতি বছরে পশ্চিমবঙ্গ সরকার রাজ্যজুড়ে মোট ৭ কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নিয়েছে।