ওঙ্কার ডেস্কঃ সাগরসঙ্গমে জনসমুদ্র। প্রতিবারের মতো এবারেও গঙ্গাসাগর মেলায় পুণ্যার্থীদের ভিড়। বুধবার ভোররাত থেকেই হাড়কাঁপানো শীতকে উপেক্ষা করে গঙ্গাসাগরে শুরু হয়েছে পুণ্যস্নান। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পুণ্যার্থীরা মেতেছেন শাহি-স্নানে। প্রশাসনের তরফে মেলাকে ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। গঙ্গাসাগরে এসেছেন বহু সন্ন্যাসীও।
মেলা চত্বরকে নিরাপত্তার নিশ্ছিদ্র চাদরে মুড়ে ফেলেছে প্রশাসন। সূত্রের খবর, কয়েক হাজার পুলিশ ও ভলান্টিয়ারের পাশাপাশি আকাশপথে ড্রোন ও সিসিটিভি ক্যামেরার মাধ্যমে চলছে কড়া নজরদারি। চলতি বছরের গঙ্গাসাগর মেলায় প্রথমবার মোতায়েন করা হয়েছে ওয়াটার ড্রোন বা রেসকিউ ড্রোন। কপিলমুনির আশ্রম ও প্রধান স্নানঘাটে বিশেষ নজরদারির জন্যই এই হাই-টেক ড্রোন মোতায়েন করা হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হলো, এই রেসকিউ ড্রোন প্রায় ১০০ কেজি পর্যন্ত ওজন বহন করতে সক্ষম, ফলে প্রয়োজনে বিপদে পড়া পুণ্যার্থীদের দ্রুত উদ্ধার করে নিরাপদ স্থানে পৌঁছে দিতে পারবে।
এছাড়াও জলপথে কোনও দুর্ঘটনা এড়াতে সিভিল ডিফেন্স, বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং নৌবাহিনী রয়েছে। নিখোঁজদের সহায়তায় খোলা হয়েছে বিশেষ কন্ট্রোল রুম। গঙ্গাসাগরে স্নানের পাশাপাশি কপিল মুনির আশ্রমে পুজো দেওয়ার জন্য ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গিয়েছে। সব মিলিয়ে মকর সংক্রান্তির পুণ্যতিথিতে ভক্তি আর নিরাপত্তার মেলবন্ধনে উৎসবমুখর হয়ে উঠেছে গঙ্গাসাগর।
প্রসঙ্গত, গত সপ্তাহে গঙ্গাসাগর মেলার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকেই ভিড় বাড়ছে।
