ওঙ্কার ডেস্ক: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন ভিন রাজ্যের লোকজনকে মাইক্রো অবজার্ভার পদে নিয়োগ করা হচ্ছে বলে। মুখ্যমন্ত্রীর সেই অভিযোগ ওড়াল নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের দাবি, মাইক্রো অবজার্ভার হিসেবে যাঁদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তাঁরা এ রাজ্যেরই।
কমিশন সূত্রের খবর, ভোটার তালিকায় স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর-এর দ্বিতীয় দফার কাজ খতিয়ে দেখতে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের দায়িত্ব দিয়েছে নির্বাচন কমিশন। মেট্রো রেল, দক্ষিণ-পূর্ব রেল, জীবনবিমা নিগম, কোল ইন্ডিয়া, ডিভিসি, শুল্ক দফতরের আধিকারিকদের এই দায়িত্ব দেওয়া হয়েছে। কমিশনের উদ্যোগে বুধবার মাইক্রো অবজার্ভারদের দু’দফায় বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। নজরুল মঞ্চে সেই প্রশিক্ষণ শিবির চলাকালীন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল বলেন, ‘ভিন রাজ্য থেকে আমরা কোনও অবজার্ভার নিয়োগ করিনি। মাইক্রো অবজার্ভার হিসেবে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তাঁরা সকলেই এরাজ্যে কর্মরত। তবে কেউ অন্য রাজ্যের বাসিন্দা কি না, তা বলতে পারব না।’
উল্লেখ্য, সম্প্রতি কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেসের কর্মীসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন, রাজ্যের সঙ্গে কোনও আলোচনা না করেই অবজার্ভার নিয়োগ করছে নির্বাচন কমিশন। তৃণমূল সুপ্রিমো প্রশ্ন তোলেন, ‘কেন বাংলায় অন্য রাজ্যের লোক ভোট করাবে? বাংলার ভাষা জানে? শুনানি করবে কী করে?’ তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক খারিজ করে দেওয়ায় বিষয়টি নতুন মাত্রা পেল।
