ওঙ্কার ডেস্ক: সেবাশ্রয় প্রকল্পকে ঘিরে দুর্নীতির অভিযোগে ফের রাজনৈতিক উত্তাপ ছড়াল রাজ্যে। এবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিষ্ণুপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতা অভিজিৎ দাস, ওরফে ববি। অভিযোগে সেবাশ্রয় শিবির পরিচালনার ক্ষেত্রে একাধিক গুরুতর অনিয়মের কথা তুলে ধরা হয়েছে এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে।
অভিযোগপত্রে দাবি করা হয়েছে, সেবাশ্রয় শিবিরে বহু ক্ষেত্রে অনুমোদিত বা যোগ্য চিকিৎসকের পরিবর্তে হাতুড়ে চিকিৎসকদের দিয়ে রোগী দেখানো হয়েছে। অভিযোগকারী আরও দাবি করেছেন, বিভিন্ন এলাকা থেকে মানুষকে নানা প্রলোভন ও চাপ সৃষ্টি করে শিবিরে নিয়ে আসা হতো, যাতে প্রকল্পের সাফল্য দেখানো যায়। পাশাপাশি, চিকিৎসা পরিষেবা ও ওষুধ বিতরণ নিয়েও একাধিক অনিয়মের অভিযোগ তোলা হয়েছে। বিজেপি নেতার অভিযোগ, এই গোটা কার্যক্রমের পিছনে পরিকল্পিতভাবে আর্থিক ও প্রশাসনিক অনিয়ম হয়েছে, যার সঙ্গে প্রকল্পের শীর্ষস্তরের নেতৃত্বের ভূমিকা খতিয়ে দেখা প্রয়োজন। তাই বিষয়টির পূর্ণাঙ্গ তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়েছে পুলিশের কাছে।
উল্লেখ্য, এর আগেও সেবাশ্রয় প্রকল্পকে ঘিরে বিভিন্ন অভিযোগ সামনে এসেছে। সেই আবহেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নতুন করে থানায় অভিযোগ দায়ের হওয়ায় রাজনৈতিক চাপ আরও বেড়েছে। তবে অভিযোগ দায়ের হওয়া মানেই অভিযোগ প্রমাণিত নয়। অভিযোগের সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় তদন্তের পরই এ বিষয়ে চূড়ান্ত অবস্থান স্পষ্ট হবে।