ওঙ্কার ডেস্কঃ একুশে জুলাই শহিদ স্মরণের পর ‘কালীঘাট’ তৃণমূলের অন্দরের ফের কোন্দল। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ‘দীর্ঘ’ বক্তব্যে মমতা বন্দ্যোপাধ্যায় বিরক্ত হন এবং উভয়ের কথা কাটাকাটি হয়। অনুষ্ঠান ছেড়ে চলেও যান কল্যাণ। সেই বিষয়ে মমতাকে নিশানা করে পালটা সোশাল মিডিয়ায় পোস্ট করলেন বর্ষীয়ান সাংসদ। কল্যাণের অভিযোগ, ‘কালীঘাট সূত্রই দলটাকে শেষ করে দেবে।’
ফেসবুক পোস্টে কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, একুশের মঞ্চে তিনি বক্তব্য শুরুর কিছুক্ষণ পর অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছন। সেসময় ৫ মিনিট ভাষণ বন্ধ করেছিলেন। এরপর দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছলে একইভাবে ভাষণ বন্ধ রেখে স্বাগত জানানো হয়। নেত্রীর চেয়ারের সামনে গিয়ে তিনি জিজ্ঞাসা করেছিলেন, বক্তব্য চালিয়ে যাবেন কিনা। তাতে নেত্রী সম্মতি দেওয়াতেই তিনি ভাষণ দিয়ে যান। কিন্তু পরবর্তীতে তা নিয়েই প্রকাশ্যে মমতার ‘ধমক’ খেতে হয় সাংসদকে।
ফেসবুক পোস্টে ‘কালীঘাট সূত্র’কে তুলোধোনা করেছেন কল্যাণ। রাতে কল্যাণের এই পোস্টের পরপরই তা শেয়ার করে কালীঘাট নেতৃত্বকে খোঁচা দিয়েছেন মানিকতলার পরাজিত তৃণমূল প্রার্থী শ্রেয়া পাণ্ডে। তিনি আগেই একুশের মঞ্চে ঠাঁই না পেয়ে দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন।