ওঙ্কার ডেস্কঃ সোমবার গভীর রাতে ডিলিটেড নামের তালিকা প্রকাশ করেছে কমিশন। কমিশন সূত্রে খবর, মোট বিবেচনাধীন ছিলেন ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন ভোটার। তাঁদের মধ্যে বাদ পড়েছে অনেক নাম। কিন্তু বাদ পড়া তালিকায় কারা! মৃত ভোটার নাকি অবৈধ, সে বিষয়ে মুখ খোলেনি কমিশন। এদিকে ভোট দোরগোড়ায়। মঙ্গলবার মতুয়াগড় বনগাঁয় ভোটপ্রচারে গিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যাইয় ক্ষুব্ধ স্বরে জানান, ‘বাদ পড়া ভোটারদের নাম তুলতে ট্রাইব্যুনালে যাব। চেষ্টা করব ভোটের আগেই নাম তোলার। কারণ, ওরা ষড়যন্ত্র করেছে। ষড়যন্ত্র করে নাম বাদ দিচ্ছে’।
মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতো হিসেব দিয়ে বলেন, ‘এখনও পর্যন্ত ৯০ হাজার নাম বাদ পড়েছে। এদের মধ্যে ২০ হাজার বাদ যেতে পারে। কোনও মেয়ে হয়ত বিয়ে করে অন্য জায়গায় চলে গেছে, তার নাম কেটে দিয়েছে। এভাবেই নাম কেটেছে। এই নামগুলো তুলতে হবে।’
এবার ভবানীপুরের পাশাপাশি বাগদার রাজনীতিও আকর্ষণীয়। কারণ, এবার বাগদায় মুখোমুখি ননদ বৌদি। বাগদা থেকে তৃণমূল প্রার্থী ঠাকুরবাড়ির মেয়ে মধুপর্ণা ঠাকুর। তাঁর বিরুদ্ধে বিজেপির প্রার্থী ঠাকুরবাড়ির বউমা সোমা ঠাকুর। সেই নিয়ে প্রচারযুদ্ধ তুঙ্গে। বনগাঁয় প্রচারে গিয়ে মমতা জানালেন, ‘ঠাকুরবাড়িতে ভেদাভেদের রাজনীতি চলছে। আমি বলে রাখছি, এসব করে কোনও লাভ হবেনা।’
উল্লেখ্য, মঙ্গলবার বনগাঁর খয়রামাড়ি স্টেডিয়ামে এলাকার ৫ বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের নিয়ে প্রচার সভা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআরে মতুয়ার নাম বাদ পড়া থেকে ঠাকুরবাড়ির অন্তর্কলহ নিয়ে রাজনীতি নিয়ে বার্তা দেন। তবে তাঁর মূল প্রসঙ্গ ছিল নাম বাদ যাওয়া নিয়ে। ক্ষুব্ধ মমতা জানান, নাম তুলতে তিনি নিয়ে ট্রাইব্যুনালে যাবেন।