ওঙ্কার ডেস্ক: কলকাতার পর রাজ্যের আরও চার জেলায় মিড ডে মিল সরবরাহের দায়িত্ব পাওয়ার কথা ছিল অক্ষয় পাত্র ফাউন্ডেশনের। কিন্তু সেই সিদ্ধান্ত আপাতত কার্যকর হচ্ছে না। চার জেলার জন্য দেওয়া অনুমোদন প্রত্যাহার করেছে স্কুল শিক্ষা দপ্তর। এই মর্মে বিকাশ ভবন থেকে নির্দেশিকা জারি করা হয়েছে। সংশ্লিষ্ট জেলার আধিকারিকদেরও বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। নতুন নির্দেশ অনুযায়ী, আপাতত আগের নিয়মেই স্কুলের পড়ুয়াদের দুপুরের খাবার দেওয়া হবে।
পালাবদলের পর রাজ্যের স্কুলগুলিতে মিড ডে মিল ব্যবস্থায় পরিবর্তনের উদ্যোগ নেয় নয়া বিজেপি সরকার। কলকাতার স্কুলগুলিতে প্রথম পর্যায়ে দায়িত্ব দেওয়া হয় ইসকনের সঙ্গে যুক্ত সংস্থাকে। প্রকল্পটি সফল হলে ধাপে ধাপে অন্যান্য জেলাতেও একই ব্যবস্থা চালুর পরিকল্পনা ছিল। কলকাতায় ইতিমধ্যেই কয়েকটি স্কুলে সেই নতুন পদ্ধতি শুরু হয়েছে। সেখানে খাবার সরবরাহের দায়িত্বে রয়েছে ইসকনের ‘অন্নামৃত ফাউন্ডেশন’। সেই মডেলই পরে জেলার স্কুলগুলিতে চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছিল।
পরবর্তী পর্যায়ে সিদ্ধান্ত নেওয়া হয় হাওড়া, পুরুলিয়া, উত্তর ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর—এই চার জেলার স্কুলে খাবার সরবরাহের দায়িত্ব দেওয়া হবে ‘অক্ষয় পাত্র ফাউন্ডেশন’-কে। তবে বাস্তবে পরিষেবা শুরু হওয়ার আগেই সেই অনুমোদন বাতিল করা হল।
স্কুল শিক্ষা দপ্তরের নির্দেশিকায় বলা হয়েছে, ওই ফাউন্ডেশনকে দেওয়া অনুমোদন প্রত্যাহার করা হয়েছে। ফলে চার জেলায় আপাতত পুরনো ব্যবস্থাই বহাল থাকছে। উল্লেখ্য বর্তমান ব্যবস্থায় স্কুলেই রান্না করা হয় মিড ডে মিল। নির্দিষ্ট সময়ে পড়ুয়াদের খাবার পরিবেশন করা হয়। সেই ব্যবস্থাতেই আপাতত ফিরে যাচ্ছে সংশ্লিষ্ট চার জেলার স্কুলগুলি। কেন হঠাৎ অনুমোদন প্রত্যাহার করা হল, তা নিয়ে সরকারি নির্দেশিকায় স্পষ্ট কোনও কারণ জানানো হয়নি।