ওঙ্কার ডেস্কঃ শুনানির শেষ দিনে এসআইআর নিয়ে বড় ঘোষণা কমিশনের। কমিশন সূত্রে খবর, আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত শুনানি বাড়ানোর কথা চিঠিতে জানিয়েছে মুখ্য নির্বাচন কমিশন। পাশাপাশি কমিশনের সূত্রে খবর, এবার থেকে SIR প্রক্রিয়ায় জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক, এসডিও বা কলকাতার কালেক্টরের তরফে ইস্যু করা পার্মারেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট গ্রহণ করা হবে।
শনিবারই বাংলায় এসআইআরের হিয়ারিং শেষ হওয়ার কথা ছিল। তারপরে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার কথা ছিল ১৪ ফেব্রুয়ারি। তবে এ দিন পর্যন্ত পাঁচ–ছ’শতাংশ ভোটারের হিয়ারিং সম্পূর্ণ না–হওয়ায় এই মেয়াদ আরও এক সপ্তাহ বাড়াতে দেশের নির্বাচন কমিশনের কাছে চিঠি দিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। সূত্রের খবর, সেক্ষেত্রে চূড়ান্ত ভোটার তালিকা আরও ৭ দিন পিছিয়ে যেতে পারে।
সিইও দপ্তর সূত্রে জানা গিয়েছে, মূলত তিনটি কারণে শুনানির দিনক্ষণ বাড়ানোর জন্য কমিশনের কাছে আর্জি জানানো হয়েছে। প্রথমত, রাজ্যে ‘আনম্যাপড’ ও ‘লজিকাল ডিসক্রিপেন্সি’ বা যুক্তিসঙ্গত অসঙ্গতির জন্য শুনানির নোটিস পাঠানো হয়েছে মোট ১ কোটি ৫১ লক্ষ ৯২ হাজার ৭৩৫ জনকে। কিন্তু এখনও ১৫টি বিধানসভা কেন্দ্রে শুনানির কিছু কাজ বাকি রয়েছে।
দ্বিতীয়ত, কিছু জায়গায় হিয়ারিং প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে কিন্তু ৩০ শতাংশ নথি ইআরও-এইআরওরা ভেরিফিকেশনের পরে আপলোড করে উঠতে পারেননি।
আর তৃতীয় কারণ, ভোটার তালিকায় নতুন করে নাম তোলার জন্য ৭ লক্ষ ৪৪ হাজার ২৭৭ জন ফর্ম–৬ জমা দিয়েছেন। খসড়া তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য প্রায় ৩৭ হাজার ফর্ম–৭ জমা পড়েছে। এই সব ফর্মেরও নিষ্পত্তি এখনও হয়নি।
সিইও জানিয়েছেন, আগামী সাত দিনের মধ্যেই শুনানি সংক্রান্ত সামগ্রিক প্রক্রিয়া শেষ করতে হবে। তারপরই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের উদ্যোগ নেওয়া হবে। গোটা প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার জন্য চূড়ান্ত ভোটার তালিকায় যাঁদের নাম বাদ যাবে, তাঁদের ব্যক্তিগত ভাবে নাম বাদ যাওয়ার কারণ জানিয়ে চিঠি দেবে কমিশন।
