ওঙ্কার ডেস্ক: রাজধানী দিল্লিতে সম্প্রতি অনুষ্ঠিত ককরোচ জনতা পার্টির আন্দোলনকে ঘিরে নতুন আইনি জটিলতার সৃষ্টি হয়েছে। ‘ককরোচ জনতা পার্টি’ নামে পরিচিত সংগঠনের দুই নেতা অভিজিৎ দীপকে ও সৌরভ দাস-সহ আন্দোলনের আয়োজকদের বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়েরের দাবি উঠেছে। অভিযোগ, ওই কর্মসূচিতে মাত্র ১২ বছরের নাবালিকা-সহ একাধিক অপ্রাপ্তবয়স্ককে অংশগ্রহণ করানো হয়েছিল, যা শিশুদের নিরাপত্তা ও অধিকার সংক্রান্ত আইন লঙ্ঘনের সামিল হতে পারে।
জানা গিয়েছে, শিলিগুড়ির এক আইনজীবী এই ঘটনায় জিরো এফআইআর দায়েরের আবেদন করেছেন। তাঁর অভিযোগ, যে ধরনের আন্দোলন বা প্রতিবাদ কর্মসূচিতে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা থাকে, সেখানে নাবালক-নাবালিকাদের নিয়ে যাওয়া অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপ। আন্দোলনের সময় যদি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় বা পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে, তাহলে শিশুদের শারীরিক ও মানসিক নিরাপত্তা গুরুতরভাবে বিঘ্নিত হতে পারে। তাই বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্তের দাবি জানানো হয়েছে। অভিযোগে আরও বলা হয়েছে, ওই প্রতিবাদ কর্মসূচির সময় উপস্থিত একটি ১২ বছরের কিশোরীর ছবি ও ভিডিও সামনে এসেছে। কীভাবে এবং কার অনুমতিতে তাকে সেখানে নিয়ে যাওয়া হয়েছিল, সে বিষয়ে তদন্ত হওয়া প্রয়োজন। শুধু ওই কিশোরী নয়, আরও কোনও নাবালক বা নাবালিকা সেখানে উপস্থিত ছিল কি না, তাও খতিয়ে দেখার আবেদন জানানো হয়েছে। অভিযোগকারীর দাবি, শিশুদের এ ধরনের রাজনৈতিক বা সংঘাতপূর্ণ কর্মসূচিতে ব্যবহার করা হলে তা শিশু সুরক্ষা আইনের পরিপন্থী হতে পারে।
উল্লেখ্য, সম্প্রতি ককরোচ জনতা পার্টির আন্দোলনকে কেন্দ্র করে ব্যাপক চর্চা শুরু হয়। আন্দোলনের সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের উত্তেজনা তৈরি হয়েছিল বলে অভিযোগ ওঠে। সংগঠনের পক্ষ থেকে পুলিশের বিরুদ্ধে বলপ্রয়োগের অভিযোগ করা হলেও, এবার সেই আন্দোলনে নাবালকদের উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে। আইন বিশেষজ্ঞদের একাংশের মতে, যদি তদন্তে প্রমাণিত হয় যে সচেতনভাবে শিশুদের ঝুঁকিপূর্ণ পরিবেশে নিয়ে যাওয়া হয়েছে, তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শিশু সুরক্ষা আইনের আওতায় ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।