ওঙ্কার ডেস্কঃ কয়লা ও গরু পাচারকাণ্ডে প্রাক্তন ডিজির নাম জড়িয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। কেন্দ্রীয় মন্ত্রীর এহেন মন্তব্যে সম্মানহানি হয়েছে বলে দাবি রাজীবের আইনজীবীর। মানহানির অভিযোগ তুলে প্রাক্তন ডিজি সুকান্তকে আইনি নোটিশ পাঠালেন।
সূত্রের খবর, দু’পাতার ওই আইনি নোটিশে বলা হয়েছে, সাতদিনের মধ্যে ক্ষমা চাইতে হবে সুকান্ত মজুমদারকে। নইলে রাজীব কুমার আদালতে ফৌজদারি মামলা দায়ের করবেন। পালটা আইনি পথে জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সুকান্তও।
রাজীব কুমারের আইনজীবীর দাবি, শিলিগুড়ির মাটিগাড়া-নকশালবাড়ির সভা-সহ একাধিক জায়গায় তাঁর মক্কেলের উদ্দেশ্যেই মিথ্যা বক্তব্য পেশ করেন কেন্দ্রীয় মন্ত্রী। রাজীব কুমারের পেশাগত সম্মান ও সামাজিক খ্যাতি নষ্ট করতে কয়লা ও গরুপাচারের সঙ্গে তাঁর নাম জড়িয়ে দেন সুকান্ত মজুমদার। জানা গিয়েছে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সুকান্তকে এই নোটিশ ডাস্টবিনে ফেলার পরামর্শ দিয়েছেন।
