ওঙ্কার ডেস্কঃ বিধানসভা থেকে লোকসভা, তৃণমূলের বিধ্বস্ত দশা। তৃণমূল কংগ্রেস ভেঙে ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়ায় মিশেছেন ২০ জন সাংসদ। এনডিএ শিবিরে দ্বিতীয় বৃহত্তম শরিক হতে চলেছে এই দল। কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদল হতে পারে দ্রুতই। সেকারণে ‘বিদ্রোহের পুরস্কার’ ঘিরে জল্পনা বাড়ছে দিল্লিতে।
সূত্রের খবর, অভিজ্ঞ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বীরভূমের সাংসদ শতাব্দী রায়ের নাম বিবেচিত হচ্ছে। সুতরাং মন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে আছেন শতাব্দী রায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়ার পুরস্কার পেতে চলেছেন শতাব্দী? কানাঘুষো শোনা যাচ্ছে, তিনি প্রতিমন্ত্রী হিসাবে জায়গা পেতে পারেন। পাশাপাশি, বঙ্গ বিজেপি থেকেও কাউকে পূর্ণমন্ত্রী করা হতে পারে বলে জল্পনা তুঙ্গে।
এদিকে, মঙ্গলবার অবস্থান স্পষ্ট করলেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ও। মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘সম্মান’ জানানোর পাশাপাশি তিনি প্রকাশ্যে দাবি করলেন, গত ১৫ বছরে পশ্চিমবঙ্গে উন্নয়ন কার্যত থমকে ছিল। বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা করেন তিনি। লোকসভা সচিবালয়ে গিয়ে বিদ্রোহী শিবিরের প্রতি সমর্থন জানিয়ে প্রয়োজনীয় নথিতে সই করে রচনা বলেন, “তৃণমূল মানেই দিদি। তাঁকে আমরা সম্মান করি। কিন্তু মানুষের জন্য যে কাজ করতে চেয়েছিলাম, সেখানে বাধা ছিল। আমি ভোট পেয়েছি কাজ করার জন্য। কেন্দ্র ও রাজ্যে সমন্বয় থাকলে উন্নয়ন আরও দ্রুত হয়।”