নিজস্ব প্রতিনিধি, নামখানা ; দক্ষিণ ২৪ পরগনার নামখানায় সরকারি আবাস প্রকল্পে কাটমানি নেওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল। প্রকাশ্য সভায় দাঁড়িয়ে উপভোক্তাদের টাকা ফেরত দিলেন খোদ তৃণমূলের এক পঞ্চায়েত সদস্য। ঘটনাটি ঘটেছে নামখানার শিবরামপুর গ্রাম পঞ্চায়েতের পাতিবুনিয়া এলাকায়। অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্য মাধবচন্দ্র লায়া, যিনি শিবরামপুর গ্রাম পঞ্চায়েতের ২৫২ নম্বর বুথের সদস্য বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। অভিযোগ, প্রধানমন্ত্রী আবাস যোজনা বা সরকারি আবাস প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা পাইয়ে দেওয়ার নাম করে এলাকার বহু উপভোক্তার কাছ থেকে মাথাপিছু ৫ হাজার টাকা করে নেওয়া হয়েছিল। সাম্প্রতিক রাজনৈতিক পালাবদলের আবহে গ্রামে এই নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।রবিবার পাতিবুনিয়ার একটি স্কুল মাঠে স্থানীয় গ্রামবাসী, বিজেপি নেতৃত্ব এবং এলাকার বহু মানুষের উপস্থিতিতে একটি সভার আয়োজন করা হয়। সেখানে উপস্থিত হন মাধবচন্দ্র লায়া। সভার মাঝেই তিনি প্রকাশ্যে নিজের ভুল স্বীকার করেন এবং টাকা ফেরত দেন। তিনি বলেন “এই দুর্নীতির সঙ্গে শিবরামপুর পঞ্চায়েত ও তৃণমূলের উপরের নেতৃত্ব জড়িত। আমি যদি সব নাম প্রকাশ করি, তাহলে আমাকে এবং আমার বৃদ্ধ বাবাকে খুন করা হতে পারে।” যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। প্রশাসনের তরফেও আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে কি না, তা স্পষ্ট নয়।