ওঙ্কার ডেস্কঃ পালাবদলের পর থেকেই রাজ্যের উন্নয়নের স্বার্থে একাধিক বড় ঘোষণা লেগেই রয়েছে। এই আবহেই এবার ফের পরিবহণে সুখবর দিল রাজ্য। সূত্রের খবর, কলকাতা ও শহরতলিতে নতুন তিনটি এসি বাস চালু করা হচ্ছে। ফলে কলকাতা ও সংলগ্ন এলাকায় যাত্রীদের গণপরিবহণে যাতায়াত আরও সহজ ও আরামদায়ক হতে চলেছে।
সূত্রের খবর, নতুন রুটগুলি হল এসি-৫৮, যা পরিষেবা দেবে ইকোস্পেস থেকে সোনারপুর রুট। পাটুলি ঢালাই ব্রিজ থেকে হাওড়া স্টেশন পর্যন্ত এসি-২৪ বাস এবং এসি-৫৭ পরিষেবা দেবে কল্যাণী বড় জাগুলি মোড় থেকে করুণাময়ী পর্যন্ত।
পরিবহণ মন্ত্রী অর্জুন সিং জানিয়েছেন, “প্রধানমন্ত্রীর অনুপ্রেরণা ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে দুর্গাপুজোর আগেই গণপরিবহণ ব্যবস্থায় বড় পরিবর্তন আসতে চলেছে। রাজ্যের সাধারণ মানুষের যাতায়াতকে আরও উন্নত ও স্বাচ্ছন্দ্যময় করতে পরিবহণ দপ্তর একাধিক সিদ্ধান্ত নিয়েছে। সেই লক্ষ্যেই রাজ্যের বিভিন্ন রুটে প্রায় ৪৭০টি নতুন ইলেকট্রিক, সিএনজি ও ডিজেল বাস চালুর পরিকল্পনা রয়েছে।”
সোশাল মিডিয়ায় এই তথ্য শেয়ার করে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। সেখানে তিনি লেখেন, “পশ্চিমবঙ্গে গণপরিবহণ ব্যবস্থাকে আরও আধুনিক ও যাত্রীবান্ধব করতে চালু হচ্ছে নতুন তিনটি এসি বাস।” সব মিলিয়ে পুজোর আগে শহরে নতুন এসি বাস পরিষেবা চালু হলে যাত্রীদের সুবিধা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।