নিজস্ব প্রতিনিধি, পূর্ব বর্ধমান ;
গ্যাসের কালোবাজারি রুখতে তৎপর পুলিশ। বুধবার সন্ধায় সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী আবেদন করেছেন গ্যাসের কালোবাজারি নিয়ন্ত্রন করতে, তিনি আরও বলেছেন যতদিন না সঙ্কট কাটছে রাজ্যে মজুত গ্যাস যেন বাইরে পাঠানো না হয় । তারপরেই বৃহস্পতিবার সকাল থেকেই তৎপর প্রসাসন। পূর্ব বর্ধমানের ডিলার শপগুলিতে গ্যাসের কালোবাজারি রুখতে আকস্মিক হানা DEB টিমের।
রান্নার গ্যাসের সংকট তৈরি হয়েছে —এমন এক রটনাকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ও বিভ্রান্তি ছড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং কালোবাজারি রুখতে ময়দানে নামল জেলা পুলিশের ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চ (DEB)। জেলার বিভিন্ন গ্যাস ডিলারদের গুদামে ও অফিসে বিশেষ অভিযান চালালেন পুলিশ আধিকারিকরা।
এদিনের অভিযানের মূল কারণ সম্প্রতি গ্যাসের দাম সামান্য বৃদ্ধি পাওয়ায় এবং সরবরাহ নিয়ে গুজব ছড়ানোর ফলে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়ছেন। দেখা যাচ্ছে, যারা অনলাইনে বুকিং করেছেন, তারাও দীর্ঘ লাইনে এসে ভিড় জমাচ্ছেন। এই বিভ্রান্তি কাটাতে এবং ডিলাররা কোনো অনৈতিক কাজ বা কালোবাজারি করছেন কি না, তা খতিয়ে দেখতেই এই পুলিশের এই বিশেষ উদ্যোগ।
ডিলার ও প্রশাসনের বক্তব্য গ্যাস ডিলারদের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে, জেলায় গ্যাসের কোনো ঘাটতি নেই। তাদের কাছে পর্যাপ্ত মজুত রয়েছে এবং নির্দিষ্ট নিয়ম মেনেই সরবরাহ করা হচ্ছে। সাধারণ মানুষের মনে ভয় ঢুকেছে যে গ্যাস পাওয়া যাবে না। এই কারণেই বুকিংয়ের তারিখের তোয়াক্কা না করে সবাই একসাথে ভিড় করছেন।ডিলাররা জানিয়েছেন, একসাথে প্রচুর মানুষ ভিড় করায় স্বাভাবিক কাজকর্মে চাপ সৃষ্টি হচ্ছে। তারা গ্রাহকদের আশ্বস্ত করে বলছেন, “নির্দিষ্ট সময়ে বুকিং করলে আপনার গ্যাস আপনার কাছে পৌঁছে যাবে, অযথা প্যানিক করবেন না।
“পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি ডিলার শপে গিয়ে সিস্টেম আপডেট নেওয়া হয়েছে। কোথাও কোনো কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে কি না, তা কঠোরভাবে পরীক্ষা করা হচ্ছে।সাধারণ মানুষের কাছে প্রশাসনের অনুরোধ, কোনো গুজবে কান দেবেন না। সরবরাহ স্বাভাবিক রয়েছে। আতঙ্কিত হয়ে একসাথে ভিড় জমালে হিতে বিপরীত হতে পারে। কোনো অভিযোগ থাকলে সরাসরি প্রশাসনকে জানান। আজ বর্ধমান শহরের বিভিন্ন জায়গায় ডিলার পয়েন্টগুলিতে অভিযান চালান DEB টিম। সিলিন্ডার নিয়ে কোনরকম কারচুপি হচ্ছে কিনা সেই দিকে নজরদারি চালানো হয় এবং সবকিছু এখনো অব্দি ঠিকঠাক আছে সমস্ত ডিলার সবগুলি থেকে গ্যাস ঠিকঠাক সরবরাহ করা হচ্ছে বলে জানানো হয়েছে পুলিশের DEB টিমের পক্ষ থেকে।
