ওঙ্কার ডেস্ক: ভয়াবহ ঘটনা বিজেপিশাসিত রাজ্য ওড়িশায়। সন্তানের সামনে মাকে গণধর্ষণের অভিযোগ। গত ২০ ফেব্রুয়ারি এই ঘটনা ঘটলেও তা প্রকাশ্যে এসেছে সম্প্রতি। অপরাধের তদন্তে নেমে ইতিমধ্যে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
রিপোর্ট অনুসারে, ২০ ফেব্রুয়ারি ওড়িশার জোদা এলাকায় ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, মহিলা এক অনুষ্ঠানে যোগ দিতে জোদা থানা এলাকার ভাগলপুর গ্রামে গিয়েছিলেন। সন্ধ্যায় তাঁর সন্তানদের নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। সেই সময় প্রায় রাত ৯টা নাগাদ অভিযুক্তদের মধ্যে একজন, বাসুদেব গাগরাই ওই মহিলা এবং তার সন্তানকে গাড়িতে করে লিফট দেওয়ার প্রস্তাব দেন। ৩৪ বছর বয়সী ওই ব্যক্তির এই সাহায্যের প্রস্তাবে রাজি হন মহিলা। অভিযোগ, এর পর তাদেরকে বাড়িতে নিয়ে যাওয়ার বদলে গোবর্ধনপুর এলাকায় রাস্তার ধারে একটি নির্জন জায়গায় নিয়ে যায় অভিযুক্ত। বাধা দেওয়া সত্ত্বেও মহিলাকে যৌন নির্যাতন করে সে। বিলেইপাড়া এলাকার সুকলাল মুন্ডা নামের ৪৪ বছর বয়সী আরেক ব্যক্তি, ঘটনাস্থলে হাজির হয়। অভিযোগ, সুকলালও ওই মহিলাকে ধর্ষণ করে। পুলিশ জানিয়েছে, দুজনেই সন্তানের সামনে মহিলাকে ধর্ষণ করে।
আক্রমণের সময়, অভিযুক্তদের মধ্যে একজন নির্যাতিতার গালে কামড়ে দেয় বলে অভিযোগ। সেই আঘাতের জেরে গাল ফুলে যায়। শুধু তাই নয়, অভিযুক্তরা হুমকি দেয় ঘটনা কাউকে জানালে পরিণতি ভাল হবে না বলে। কোনও রকমে ঘটনাস্থল থেকে পালিয়ে বাড়িতে যান মহিলা। নির্যাতিতা তাঁর স্বামীকে গোটা ঘটনার কথা খুলে বলেন। এর পর ৩ মার্চ, মহিলা এবং তাঁর স্বামী জোদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ দুই সন্দেহভাজনকেই গ্রেফতার করেছে। সুকলাল মুন্ডা এবং বাসুদেব গাগরাইকে আদালতে তোলা হবে বলে পুলিশের তরফে জানানো হয়েছে।
