ওঙ্কার ডেস্কঃ ভিক্টোরিয়া হাউসের সামনে ২১ জুলাই শহিদ দিবস পালন করা যাবে না। তৃণমূলের দুই শিবিরকে চিঠি দিয়ে জানিয়েছিল পুলিশ। এবার ওই এলাকায় আগামী ২ মাস ১৬৩ ধারা লাগু করলেন কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ। তিনি জানিয়েছেন, ২ জুলাই থেকে ৩০ অগস্ট পর্যন্ত মধ্য কলকাতা ওই এলাকায় চারজনের বেশি জমায়েত করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কলকাতা পুলিশের ওই নির্দেশিকার বিরুদ্ধে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিল মমতা-পন্থী তৃণমূল।
অজয় নন্দ জানিয়েছেন, নির্ভরযোগ্য সূত্রে তাঁরা জানতে পেরেছেন, ওই এলাকায় হিংসাত্মক বিক্ষোভ হতে পারে। তাই শান্তিশৃঙ্খলা বজায় রাখতে জনস্বার্থেই ওই এলাকায় ৬০ দিনের জন্য ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারা লাগু করছেন তিনি। আগামী ২ জুলাই থেকে ৩০ অগস্ট পর্যন্ত এই ধারা লাগু থাকবে। ৫ জন কিংবা তার বেশি লোকজনের বেআইনি জমায়েত নিষিদ্ধ।
এই বিষয়ে রাজ্য সরকারকে নিশানা করে শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “মধ্য কলকাতাজুড়ে ১৬৩ ধারা জারি করা হয়েছে। কোনও মিটিং মিছিল হবে না। পাঁচজন কিংবা তার বেশি থাকতে পারবে না। এটা একদম অবৈধ। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী। রাজনৈতিক, গণতান্ত্রিক প্রতিবাদকে ভয় পাচ্ছেন। আইন ভাঙার জন্যই আইন ভাঙা আন্দোলন হয়। এই যে নির্দেশ বেরিয়েছে, এর বিরুদ্ধে আমরা আগামিদিনে নিশ্চিতভাবে আদালতে যাব। যা মামলা করার করব।
এই বিষয়ে সরব হয়েছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রও। তিনি বলেন, “নতুন নতুন এসেছে তো। খুব দাপট দেখাচ্ছে। একমাস-দু’মাস যেতে দিন। দেশে এখনও বিচারব্যবস্থা তো রয়েছে।