ওঙ্কার ডেস্কঃ ভোট প্রচারে কোমর বেধে নেমেছে সব রাজনৈতিক দল। পদ্মশিবিরের কেন্দ্রীয় নেতাদের বঙ্গে ডেলিপ্যাসেঞ্জারি যেমন বেড়েছে, তেমনই বাংলার কোনায় কোনায় যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার পুরুলিয়া থেকে বিজেপিকে হারানোর ডাক দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুরুলিয়ার ৯টি আসনেই তৃণমূলকে জেতানোর আহ্বান করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বললেন, “আমার মাটি সইবে না, ইউপি, বিহার হইবে না।”
অভিষেকের কথায়, “বিজেপির আবর্জনা আছে। সেগুলো আলসার, রেখে দিলে ক্যানসার।” বিজেপিকে এবার ৫০টির গণ্ডি পেরতে দেব না বলে হুঙ্কার ছাড়েন অভিষেক। তিনি জানান, লক্ষ্মীর ভাণ্ডারে প্রতি বছর ২৭ হাজার কোটি টাকা খরচ হয় রাজ্যের। লক্ষ্মীর ভাণ্ডার মহিলাদের অধিকার, অনুদান নয়। সেকারণেই বাংলার উন্নয়নের জন্য আগামী বিধানসভা নির্বাচনেও তৃণমূলকে জেতানোর আবেদন করেন অভিষেক।
সাধারণ মানুষের কাছে অভিষেকের আবেদন, “তৃণমূলের কোনও স্থানীয় পদাধিকারী খারাপ আচরণ করলে একবার ফোন করে জানাবেন। কিন্তু তার জন্য তৃণমূল থেকে মুখ ফেরাবেন না।”
বুধবারও কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে ফের সরন হন অভিষেক। অভিযোগ করেন, বাংলার টাকা কেন্দ্রের বিজেপি সরকার আটকে রেখেছে। পুরুলিয়ার ৬৮০ কোটি টাকা আটকে রয়েছে কেন্দ্রের কাছে। সেই টাকা পেলে পুরুলিয়ায় আরও উন্নয়ন হতে পারত। সেই কথা জানিয়েছেন অভিষেক।
