ওঙ্কার ডেস্কঃ মাটি ও গাছ চুরির অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা দায়ের। নদিয়ার নাকাশিপাড়ায় সরকারি জমির মাটি কেটে বিক্রির অভিযোগ উঠেছে। শুধু মাটিই নয়, কয়েক হাজার মূল্যবান সেগুন ও মেহগনি গাছ পাচার করা হয়েছে বলে দাবি। এই ঘটনায় অভিষেক সহ ১১ জনের বিরুদ্ধে কৃষ্ণনগর জেলা আদালতে মামলা দায়ের হয়েছে। সূত্রের খবর, জুলাই মাসের ২৭ তারিখ মামলাটির পরবর্তী শুনানি
সূত্রের খবর, নদিয়ার নাকাশিপাড়ায় প্রায় ১১০০ বিঘা সরকারি জমির মাটি বেআইনিভাবে উত্তোলন, গাছ কাটা, সরকারি সম্পত্তি লুট এবং স্থানীয় বাসিন্দাদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে অভিষেক ও তাঁর ঘনিষ্ঠদের বিরুদ্ধে। অভিষেকের অঙ্গুলিহেলনেই এই ঘটনা ঘটতো বলে দাবি অভিযোগকারীদের।
মামলাকারীদের আইনজীবী শীর্ষেন্দু দাস জানান, নাকাশিপাড়া ২৪ নম্বর মৌজার অন্তর্গত ১২ নম্বর জাতীয় সড়কের ধারে অবস্থিত প্রায় ১১০০ বিঘা সরকারি খাস জমির লিজের মেয়াদ ২০২০ সালেই শেষ হয়ে যায়। অভিযোগ, এরপরও দীর্ঘদিন ধরে বেআইনিভাবে ওই জমির একটি বড় অংশ থেকে মাটি কেটে অন্যত্র বিক্রি করা হয়েছে।
মামলায় আরও একটি গুরুতর অভিযোগ উত্থাপিত হয়েছে। আইনজীবীর দাবি, কাজের প্রলোভন দেখিয়ে এলাকার আদিবাসী সম্প্রদায়ের মহিলাদের উপর দীর্ঘদিন ধরে যৌন নির্যাতন চালানো হত। এর আগে ডায়মন্ড হারবার জেলা পুলিশের কালীতলা আশুতি থানায় ৩০০ কোটি টাকার মাটি চুরির অভিযোগ উঠেছিল অভিষেকের বিরুদ্ধে। এবার মাটি ও গাছ চুরির অভিযোগ উঠেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে।