ওঙ্কার ডেস্ক: তৃণমূল কংগ্রেসের তরফে সদ্য তাঁকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। সুদীপ বন্দ্যোপাধ্যায় অসুস্থ থাকায় তাঁর জায়গায় লোকসভার দলনেতা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ডায়মন্ড হারবারের সাংসদকে। নয়া দায়িত্ব পেয়ে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি, দলের প্রবীণ সাংসদদের প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সোমবার রাতে নিজের ফেসবুক পেজে অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘লোকসভায় আমাদের সংসদীয় দলের নেতৃত্ব দেওয়ার জন্য আমাকে নির্বাচিত করার জন্য আমাদের দলের সভানেত্রী দিদি এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সহকর্মীরা আমার উপর যে আস্থা রেখেছেন তাতে আমি গভীরভাবে সম্মানিত।’ লোকসভায় দলের বক্তব্য আরও জোরালো ভাবে তুলে ধরার কথা বলে তাঁর আরও সংযোজন, ‘পূর্ণ প্রতিশ্রুতি এবং বিনয়ের সঙ্গে, আমি এই দায়িত্ব গ্রহণ করছি এবং সংসদে তৃণমূলের কণ্ঠস্বর শক্তিশালী এবং অটল রাখার জন্য আমার সকল সহকর্মীদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার করছি।’
অভিষেক লেখেন, ‘একসঙ্গে, আমরা কেন্দ্রীয় সরকারের কর্তৃত্ববাদকে প্রতিহত করব এবং আমাদের সংবিধানের মূল মূল্যবোধ – ন্যায়বিচার, স্বাধীনতা, সাম্য এবং ভ্রাতৃত্ব – রক্ষা করব। আমাদের লক্ষ্য স্পষ্ট: বাংলার জনগণের অধিকার, সম্মান এবং আকাঙ্ক্ষা রক্ষা করা। আমার এবং আমাদের উদ্দেশ্যের প্রতি অবিরাম বিশ্বাসের জন্য আমি তৃণমূল কংগ্রেসের প্রতিটি নিবেদিতপ্রাণ কর্মী এবং সমর্থককে ধন্যবাদ জানাই এবং অমূল্য সমর্থন, নির্দেশনা এবং উৎসাহের জন্য আমি আমাদের প্রবীণ সংসদ সদস্যদের প্রতিও অত্যন্ত কৃতজ্ঞ।’
সূত্রের খবর, সুদীপ বন্দ্যোপাধ্যায় যত দিন না সুস্থ হচ্ছেন, তত দিন পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভায় তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব দেবেন৷ কলকাতা উত্তর থেকে চার বার জয়ী হওয়া সাংসদ সুদীপ বন্দোপাধ্যায় ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার রাজ্যে ক্ষমতায় আসার পর এই দায়িত্ব সামলাচ্ছিলেন।
